নালিতাবাড়ী পাবলিক লাইব্রেরি বন্ধ এক যুগ
গ্রন্থাগারিক না থাকায় এক যুগ ধরে বন্ধ রয়েছে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলা পাবলিক লাইব্রেরি। এলাকাবাসী গ্রন্থাগারিক নিয়োগ দিয়ে লাইব্রেরির কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছে।
উপজেলা পরিষদ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা পাবলিক হলের দোতলায় ১৯৮২ সালে উপজেলা পাবলিক লাইব্রেরির কার্যক্রম শুরু হয়। ১৯৯৬ সালে পাবলিক হলের পাশে লাইব্রেরির জন্য একতলা ও এক কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়।
উপজেলা পরিষদের বার্ষিক বরাদ্দ থেকে মাসিক এক হাজার টাকা সম্মানীতে শুরু থেকে গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করেন কামরুজ্জামান। পরে উপজেলা পরিষদের অসহযোগিতা ও নিয়মিত সম্মানী না পাওয়ায় ২০০১ সালে তিনি এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এর পর থেকে কোনো গ্রন্থাগারিক নিয়োগ না হওয়ায় প্রায় এক যুগ ধরে কার্যক্রম বন্ধ রয়েছে।
দীর্ঘদিন ধরে লাইব্রেরি বন্ধ থাকায় অযত্ন-অবহেলায় বিভিন্ন উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাসের বইসহ প্রায় ১০-১২ হাজার মূল্যবান বই ও আসবাব নষ্ট হয়ে গেছে। ভবনের একাংশ তিন বছর ধরে ইসলামী ফাউন্ডেশনের কাছে ভাড়া দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আধা পাকা ভবনের লাইব্রেরির একাংশে পুরোনো ও ভাঙাচুরা আসবাবে কিছু বই সংগ্রহ করা হয়েছে। লাইব্রেরির অধিকাংশ মূল্যবান বই বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে এবং কিছু বই উইপোকায় খেয়ে ফেলেছে। সম্প্রতি কিছু নতুন চেয়ার-টেবিলসহ ঘরের সিলিং তৈরি করা হয়েছে। লাইব্রেরির অপর অংশে হার্ডবোর্ডের বেড়া দিয়ে ভাড়া দেওয়া হয়েছে।
কবি ও শিক্ষক কোহিনুর রুমা জানান, লাইব্রেরিটির কার্যক্রম চালু থাকলে সাহিত্যমনা সব বয়সের মানুষ আরও সমৃদ্ধ হতে পারত।
নালিতাবাড়ী ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সভাপতি সত্যজিৎ দত্ত জানান, একজন গ্রন্থাগারিক নিয়োগের অভাবে দীর্ঘদিন ধরেই লাইব্রেরির কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে এলাকার শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে অন্য কোনো বই পড়ার সুযোগ নেই।
লাইব্রেরির কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, ‘চার মাস হলো দায়িত্ব পেয়েছি। সম্প্রতি লাইব্রেরি সংস্কারের জন্য কিছু চেয়ার-টেবিল বানানো হয়েছে। আশা করছি, গ্রন্থাগারিক নিয়োগ ও বই সংগ্রহ করে লাইব্রেরিটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা যাবে।’
লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী জানান, লাইব্রেরির একাংশ ভাড়া দেওয়া হয়েছে। এই টাকা লাইব্রেরির তহবিলে জমা করা হচ্ছে। গ্রন্থাগারিক নিয়োগসহ প্রয়োজনীয় বইপত্র সংগ্রহ করে লাইব্রেরির কার্যক্রম চালুর জন্য দ্রুত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।