নালিতাবাড়ী সদরের প্রধান সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। এতে এ সড়কে চলাচলকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বাস কোচ ট্রাক মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও পথচারীরা সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। 
এলাকার কয়েকজন বাসিন্দা ও পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর শহরের দুই লেন সড়কের মনকান্দা এলাকা থেকে বাস টার্মিনাল পর্যন্ত দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে প্রায় দুই বছর ধরে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। উপজেলা থেকে ময়মনসিংহ হয়ে রাজধানীর সঙ্গে যোগাযোগে প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০টি কোচ, দুই শতাধিক ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ট্রলি পিকআপ, ভটভটি চলাচল করে। এ ছাড়া প্রতিদিন নাকুগাঁও স্থলবন্দর থেকে পাথর ও ভোগাই নদী থেকে বালুবোঝাই ট্রাক এই সড়ক দিয়ে ময়মনসিংহ ও ঢাকায় নিয়ে যাওয়া হয়। এতেও এই সড়ক দিয়ে চলাচলকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, ওই দুই কিলোমিটার সড়কে ৪০ থেকে ৫০টি ছোট-বড় গর্ত রয়েছে। সড়কের ৮ থেকে ১০ স্থানে ভেঙে ইটের খোয়া বের হয়ে আছে। বৃষ্টি হওয়ায় এসব গর্তে পানি জমে আছে।
মনকান্দা এলাকার জহির উদ্দিন জানান, ময়মনসিংহ ও ঢাকার যাওয়ার প্রধান সড়ক হওয়ায় এই সড়কের ওপর চাপ বেশি। কিন্তু সড়কটি বিভিন্ন স্থানে গর্ত থাকায় চলাচল করতে এলাকাবাসীসহ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। নকলা থেকে এই উপজেলা চাকরি করতে আসেন মো. মনিরুজ্জামান। তিনি জানান, শহরে প্রবেশমুখেই দুই কিলোমিটার সড়কের বেহাল দশা থাকায় যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এই সড়কটি সংস্কার করা জরুরি।
নালিতাবাড়ী এক্সপ্রেস গাড়ির চালক মো. সেলিম মিয়া বলেন, প্রতিদিন এই সড়কে গর্তের মধ্যে গাড়ি আটকে যায়। এতে চালকসহ যাত্রীরা কষ্ট করেন। আমরা সড়কের সংস্কার চাই।
নালিতাবাড়ী বাস কোচ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়জিত দত্ত জানান, এই ভাঙা সড়কের জন্য সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কার করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দেবে।
মেয়র মো. আনোয়ার হোসেন বলেন, ‘সড়কটি বেহাল দশার কারণে পৌরবাসীসহ এই পথে যাতায়াতকারীরা সবাই কষ্ট করেন। সড়কটি সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে এলজিইডিকে একাধিকবার বলাও হয়েছে।’
এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ প্রথম আলোকে জানান, সড়কটি মূলত সড়ক ও জনপদের ছিল। পাশেই তাঁদের দুই লেন সড়ক থাকায় এই সড়কটি এলজিইডিকে দেওয়ার জন্য চিঠি দেওয়া
হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি। আশা করছি আগামী অর্থবছরে সড়কটির কাজ নতুন করে করা যাবে।