নালিতাবাড়ীতে ছয় ইউপিতে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল শনিবার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এখন এসব প্রার্থীর তালিকা কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রথম ধাপে আগামী ২২ মার্চ এসব ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টিতে প্রার্থী চূড়ান্ত করেছে ১০ সদস্যের নির্বাচনী বোর্ড।
প্রাথমিকভাবে যাঁদের নাম চূড়ান্ত করা হয়েছে তাঁরা হলেন রাজনগর ইউনিয়নের ফারুক আহম্মেদ, নন্নী ইউনিয়নের মো. বিল্লাল হোসেন, পোড়াগাঁও ইউনিয়নের বন্দনা চাম্বু গং, রামচন্দ্রকুড়া ইউনিয়নে মো. আমান উল্লাহ বাদশা, নয়াবিল ইউনিয়নে মো. নুর ইসলাম, বাঘবেড় ইউনিয়নে মো. আবদুস সবুর। আজ অন্য ছয়টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হবে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম জানান, ১০ সদস্যের নির্বাচনী বোর্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এ ছাড়া ওই বোর্ডে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।