নালিতাবাড়ীতে তথ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের তিন বছরেও গতি পায়নি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অধিকাংশ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র (ইউআইসি)। নিজস্ব ভবন ও বিদ্যুৎ সংযোগ না থাকা এবং সাধারণ মানুষের মধ্যে তথ্যসেবা সম্পর্কে প্রচার না থাকায় মূলত এই কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। ২০১০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সারা দেশের মতো এ উপজেলায় ইউআইসি উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের জন্য একটি করে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন, ক্যামেরাসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। এর মধ্যে ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নিজস্ব ভবন ও বিদ্যুৎ সংযোগ নেই। অধিকাংশ তথ্যসেবা কেন্দ্রের সংগঠকের অনাগ্রহ, কিছু কিছু স্থানে চেয়ারম্যানের আন্তরিকতার অভাব এবং সংশ্লিষ্ট এলাকায় মানুষের মধ্যে তথ্যসেবা সম্পর্কে প্রচার না থাকায় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, উপজেলার অধিকাংশ মানুষ তথ্যসেবা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে জানে না। নালিতবাড়ী, নয়াবিল, বাঘবেড়, পোড়াগাঁও ও নন্নী ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্রের নিয়মিত কার্যক্রম পরিচালিত হয় না। এ ছাড়া রূপনারায়ণকুড়া, মরিচপুরান ও রাজনগর কেন্দ্রেও কার্যক্রম শুধু সাইনবোর্ডের মাধ্যমে সীমাবদ্ধ রয়েছে। এর মধ্যে যে কটি কেন্দ্র চালু আছে, এগুলোর প্রায় সব কটিতে ফটোকপি মেশিন দুই-আড়াই বছর ধরে নষ্ট। এ ছাড়া তথ্যসেবা কেন্দ্রের জন্য ব্যবহূত ল্যাপটপ অধিকাংশ চেয়ারম্যান নিজের কাছে রাখায় এই কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রাজনগর এলাকার জমির উদ্দিন জানান, রাজনগর ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের সংগঠক অন্যত্র ব্যবসা করেন। তাই অধিকাংশ সময় এই কেন্দ্র বন্ধ থাকে। মরিচপুরান ইউনিয়নের জাকির হোসেন জানান, তথ্যসেবা কেন্দ্রের সংগঠকের সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে তিনি অন্যত্র চলে গেছেন। এখন কার্যক্রম বন্ধ বললেই চলে। রূপনারায়ণকুড়া ইউনিয়নে ফয়সাল আহমেঞ্চদ জানান, স্থানীয় বাজারের একটি ক্লাবে তথ্যসেবা কেন্দ্রের সাইনবোর্ড টাঙানো হয়েছে। সেখানে কোনো কাজ হয় না। তবে এলাকাবাসীর অনেকে জানান, মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার ফলে তথ্যসেবা কার্যক্রম সম্পর্কে মানুষ কিছুটা জানতে পেরেছেন। তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রচার করা হলে তথ্যসেবা সম্পর্কে মানুষ জানতে পারবেন এবং অনেকে সেবা নিতে পারবেন।
তথ্যসেবা কেন্দ্রের সংগঠক শাহাদত হোসেন জানান, এই কাজে কোনো বেতন-ভাতা না থাকায় সংগঠকদের অনাগ্রহ সৃষ্টি হয়ে থাকে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনসার আলী জানান, যেসব স্থানে বিদ্যুৎ ও পরিষদের নিজস্ব ভবন নেই, সেখানে কেন্দ্রের কার্যক্রম কিছুটা কম। এ ছাড়া অধিকাংশ তথ্যসেবা কেন্দ্র ভালোভাবেই চলছে।
নালিতাবাড়ীর ইউএনও আবেদ আলী বলেন, ‘অধিকাংশ তথ্যসেবা কেন্দ্র চালু রয়েছে। তবে কিছু কেন্দ্রে সমস্যা আছে। আশা করছি, দ্রুত সব সমস্যা কাটিয়ে উপজেলার মানুষের মধ্যে তথ্যসেবা নিশ্চিত করার সব পদক্ষেপ নেওয়া হবে।’