নালিতাবাড়ীতে তীর্থোৎসবে দেশ ও জাতির মঙ্গল কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাবগম্ভীর পরিবেশে গতকাল শুক্রবার শেষ হয়েছে ক্যাথলিক ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী তীর্থোৎসব। এতে দেশ ও জাতির উন্নতির জন্য প্রার্থনা করা হয়। এতে দেশ-বিদেশের কয়েক হাজার ভক্ত অংশ নেন।
তীর্থ উৎসব উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে, উপজেলার গারো পাহাড়ের বারোমারি এলাকায় প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার তীর্থোৎসব হয়। গত বৃহস্পতিবার বিকেলে তীর্থোৎসবের উদ্বোধন করেন দিনাজপুরের বিশপ সেবাষ্টিয়ান টুডো। রাত আটটায় ৩০-৩৫ হাজার ভক্ত প্রজ্বালিত মোমবাতি হাতে পাপমোচনের আশায় আড়াই কিলোমিটার পাহাড়িপথ পরিভ্রমণ করেন।
এ ছাড়া পুণ্যার্থীদের রোগ নিরাময়ে বিশেষ প্রার্থনা, আরাধনা ও নিশিজাগরণের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়। গতকাল সকাল আটটায় পরিবেশন করা হয় ‘জীবন্ত ক্রুশের পথে’ শীর্ষক গীতি-আলেখ্য। পরে সমাপনী মহাখ্রিষ্টযাগ অনুষ্ঠানে মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন সমাপনী অনুষ্ঠানে যোগ দেন এবং উপস্থিত লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা থেকে এখানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থী ইনেজ জেনিফা উম্মি বিশ্বাস বলেন, ‘এই প্রথম এসেছি। অনেক দিন থেকেই এখানে আশার ইচ্ছা ছিল। নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি। পাহাড়ি পরিবেশে উৎসবের আমেজ। সত্যিই অসাধারণ। বেঁচে থাকলে প্রতিবছরই আসব।’তীর্থোৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব লুইস নেং মিনজা বলেন, সব ধর্মের মানুষের অংশগ্রহণে এই অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
বিশপ সেবাষ্টিয়ান টুডো বলেন, তীর্থোৎসব এই অঞ্চলের মানুষের একটি ঐতিহ্য। এখানে দেশ-বিদেশের অসংখ্য ভক্তসহ সব সম্প্রদায়ের লোকজন আসেন। তাঁরা উৎসব-আনন্দেও পাশাপাশি সারা রাত জেগে দেশ, জাতি, পরিবার ও নিজের শান্তি এবং মঙ্গল কামনা করেন।