নালিতাবাড়ীতে ধানখেতে ব্লাস্ট রোগ, কৃষক দিশেহারা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধান কাটার আগমুহূর্তে ছত্রাকজাতীয় ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। ২৬ ও ২৮ ব্রি ধানে সংক্রমিত এ রোগের কোনো প্রতিকার না পেয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্লাস্ট রোগে ধানের শিষের নিচে কালো দাগ দেখা দেয় ও শিষ দ্রুত মরে যায়। চলতি মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ হাজার ৮১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৭০০ হেক্টর জমিতে ২৬ ও ২৮ জাতের ব্রি ধান চাষ করেছেন কৃষকেরা। ফলনও ভালো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ধান কাটার কথা। কিন্তু উপজেলার বাঘবেড়, পোড়াগাঁও, কাকরকান্দি, নন্নী ইউনিয়নসহ পৌরসভার প্রায় ৭০ থেকে ৮০ হেক্টর জমিতে দেখা দিয়েছে এ রোগ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খেতজুড়ে ব্লাস্ট রোগের ওষুধ ছিটিয়ে দিচ্ছেন কৃষকেরা। পাকা ধানের শিষের নিচে কালো দাগ। ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, প্রথমে আক্রান্ত খেতে কয়েকটি ধানের শিষের নিচে কালো দাগ দেখা যায়। এরপর দ্রুত সারা খেতে ছড়িয়ে পড়ে। তখন ধানের শিষ মরে যায়।
কাকরকান্দি ইউনিয়নের বিন্নীবাড়ী গ্রামের কৃষক সাইফুল ইসলাম (৪০) বলেন, তাঁর জমিতে ২৬ ও ২৮ ব্রির এবার ফলন ভালো হয়েছে। প্রতি একরে ৭০ থেকে ৮০ মণ ধান পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ এই রোগ দেখা দেওয়ায় সব আশা শেষ।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর জানান, যাঁরা দেশি জাতের ২৬ ও ২৮ ব্রি ধান চাষ করেছেন, তাঁদের সবার খেতই ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। সমুচ্চুড়া গ্রামের অনেক খেতের ধান ইতিমধ্যে মরে গেছে। অনেক কৃষক একমুঠো ধানও ঘরে তুলতে পারবেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফ ইকবাল জানান, খেতে অতিরিক্ত সার ব্যবহার ও আবহাওয়ার তারতম্য হলে এ রোগ দেখা দেয়। এতে আতঙ্কিত না হয়ে আক্রান্ত খেতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ওষুধ ছিটানো হলে এ রোগ প্রতিরোধ করা যাবে।