নালিতাবাড়ীতে পুনরায় ভোট গ্রহণের দাবি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি কেন্দ্রের ভোট পুনরায় গ্রহণ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। ওই কেন্দ্রের ভোট সঠিকভাবে গণনা করা হয়নি বলে অভিযোগ তুলে তাঁরা গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে এ দাবি জানান।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী বন্দনা চাম্বুগং ও বিএনপিদলীয় প্রার্থী ওমর ফারুক ইউএনও ও রিটার্নিং কর্মকর্তার কাছে ঘোষিত ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের বিষয়ে গতকাল দুপুরে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, পোড়াগাঁও ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রের ভোট গণনা সঠিকভাবে করা হয়েছে। বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট সঠিকভাবে গণনা করা হয়নি। তাঁরা অভিযোগ করেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অনিয়ম ও কারচুপির মাধ্যমে ভোট গণনা করেছেন। এ ছাড়া এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে তিনি ভোট গণনা এবং কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে তড়িঘড়ি করে চলে আসেন। উপজেলা সদরে আসার পথে রাস্তায় পলাশীকুড়া গ্রামের দরবেশ আলীর বাড়ির কাছে ব্যালটভর্তি বস্তার মুখ খুলে কিছু ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকদের বাধার কারণে তিনি ব্যর্থ হন।
আওয়ামী লীগের প্রার্থী বন্দনা চাম্বুগং বলেন, ‘বুরুঙ্গা কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। আমি এ অনিয়মের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তি দাবি করছি। এই কেন্দ্রে ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
বিএনপির প্রার্থী ওমর ফারুক বলেন, ‘কেন্দ্রে আমার এজেন্টের কাছ থেকে কোনো সই নেওয়া হয়নি। এই কেন্দ্রে নানা অনিয়ম হয়েছে। আমি পুনরায় এই কেন্দ্রে ভোট অনুষ্ঠানের দাবিতে লিখিত দিয়েছি।’
বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা প্রভাষক আফছর আলী ভোট সঠিকভাবে গণনা না করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সঠিকভাবেই ভোট গণনা করে ফলাফল কেন্দ্রে টানিয়ে দিয়েছি। তবে কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের হট্টগোল থাকায় ফলাফলের কপি তৈরি করার সুযোগ পাইনি।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া ভোটের হিসাব অনুযায়ী ফলাফল ঘোষণা করা হয়েছে।