নালিতাবাড়ীতে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দনা চাম্বু গং
বন্দনা চাম্বু গং

শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো এবার কোনো নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী নেতৃত্বকে প্রাধান্য দিতে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগ জানিয়েছে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১২টি ইউপির মধ্যে পোড়াগাঁওয়ে চেয়ারম্যান পদে একমাত্র নারী বন্দনা চাম্বু গং (৩৬) প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আওয়ামী লীগ থেকে তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যানসহ আরও চার প্রার্থী। বন্দনা চাম্বু গং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এলাকাবাসী বলেন, বন্দনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের সমর্থক মো. আজাদ মিয়া, বিএনপির দলীয় প্রার্থী ওমর ফারুক, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও ইউসুফ আলী।
বন্দনা চাম্বু গং বলেন, ‘এ সরকার নারীর ক্ষমতায়নে যে বিশ্বাসী এর প্রমাণ হলো আমার মতো সাধারণ নারীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া। জয়ী হলে আমি এলাকার অসহায় মানুষের অধিকারসহ স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে কাজ করব।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্বকে প্রাধান্য দিতে ও যোগ্য প্রার্থী হিসেবে বন্দনা চাম্বু গংকে মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলায় এই প্রথম ইউপি চেয়ারম্যান পদে কোনো নারীকে মনোনয়ন দেওয়া হলো।