নালিতাবাড়ীতে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে একজন নারী প্রার্থী হয়েছেন। তাঁর নাম বন্দনা চাম্বু গং (৩৬)। তিনি পোড়াগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে তিন প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছেন।
বন্দনা চাম্বু গং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের ঢালে আন্দারুপাড়া গ্রামে বন্দনা চাম্বু গংয়ের বাড়ি। অভাবের কারণে নবম শ্রেণির পর লেখাপড়া করা সম্ভব হয়নি তাঁর। স্বামী রিপন চিরান একজন প্রান্তিক কৃষক। তাঁদের ঘরে নবম শ্রেণিপড়ুয়া এক ছেলে ও চতুর্থ শ্রেণিপড়ুয়া এক মেয়ে আছে। চাম্বু গং ১৫ বছর ধরে একটি বেসরকারি সংগঠনের স্বাস্থ্যকর্মী হিসেবে গারো পাহাড়ের অধিবাসীদের চিকিৎসা সহায়তায় কাজ করছেন। এ ছাড়া এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি।
বন্দনা চাম্বু গং বলেন, ১৯৯৬ সালে বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনে প্রথম কাজ করেন তিনি। তখন থেকে তিনি বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দিতেন। স্বাস্থ্যকর্মী হিসেবে পরিচিতির পাশাপাশি এলাকার বিভিন্ন সালিসে তাঁকে ডাকা হতো। অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় সবাই তাঁর প্রশংসা করতেন। এভাবেই তাঁর এগিয়ে চলা। গত ৩১ ডিসেম্বর আওয়ামী লীগের উপজেলা কমিটি তাঁকে ইউনিয়ন কমিটির সভাপতি নির্বাচিত করে। ২২ মার্চ প্রথম ধাপে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড তাঁকে পোড়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান মো. আজাদ মিয়া, বিএনপির প্রার্থী ওমর ফারুক, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
বন্দনা চাম্বু গং বলেন, ‘আমি যখন কোনো সুযোগ পেয়েছি, সাধারণ মানুষের জন্য কাজ করেছি। তাই তাঁরা আমাকে সন্তানের মতো ভালোবাসেন।’