নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সেতু ও রাবার বাঁধের নিচ থেকে অবাধে বালু তোলা হচ্ছে। ফলে রাবার বাঁধ ও সেতু ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ ও সেতু যেকোনো সময় ধসে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে।
এলাকার অনেকে জানান, ১৯৯৭-৯৮ অর্থবছরে নয় কোটি টাকা ব্যয়ে উপজেলার জামিরাকান্দা এলাকায় ভোগাই নদের ওপর ১০০ মিটার দীর্ঘ একটি সেতু এবং সেতুর নিচে ১০০ মিটার দীর্ঘ রাবার বাঁধ নির্মাণ করা হয়। তিন বছর ধরে এই বাঁধ ও সেতু ঘেঁষে জামিরাকান্দা এলাকার নজরুল ইসলাম ও সায়েদুর রহমান বালু তুলছেন। এতে বাঁধ ও সেতু ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাঁধের পশ্চিম পাশে সেতুর পিলার ঘেঁষে এবং পূর্ব পাশে সেতুর ১০ মিটার দূরে পানির ওপর দুটি শ্যালোযন্ত্র বসিয়ে পাইপের মাধ্যমে বালু তোলার কাজ চলছে। বালু তুলে জামিরাকান্দা সড়ক, রাবার বাঁধের পূর্ব পাশে নদীরক্ষা বাঁধ ও সংরক্ষিত সেগুনবাগানে রাখা হচ্ছে। এসব বালু ট্রাকে করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বালু তোলার জন্য ৩০-৪০ জন শ্রমিক কাজ করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এখান থেকে প্রতিদিন ১০-১২ ট্রাক বালু বিক্রি করা হয়। ট্রাক চলাচল করায় জামিরাকান্দা সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তাঁরা বালু উত্তোলন বন্ধ করে বাঁধ ও সেতু রক্ষার দাবি জানান।
জামিরাকান্দার কৃষক আবদুর রহিম জানান, নদী খননের নামে বাঁধ ও সেতুর নিচ থেকে বালু তোলা হচ্ছে।
এ ব্যাপারে সায়েদুর রহমান বলেন, প্রতিদিন চার থেকে পাঁচ হাজার ঘনফুট বালু বিক্রি করা হয়। সরকারি স্থাপনার কাছ থেকে বালু তোলা নিষেধ, তা জানা নেই। কেউ কখনো বাধাও দেয়নি। নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. অহেদুজ্জামান জানান, বাঁধ ও সেতুর কাছ থেকে বালু তোলা নিষেধ। কেউ বাঁধ ও সেতুর কাছ থেকে বালু উত্তোলন করলে ঘটনাস্থল পরিদর্শন করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবেদ আলী বলেন, রাবার বাঁধ ও সেতুর নিচে পাকা থাকায় ওপরের অংশ থেকে বালু উত্তোলনে কোনো ক্ষতি হবে না বলে বালু ব্যবসায়ীরা জানিয়েছেন। যদি বাঁধ ও সেতুর ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।