নালিতাবাড়ীতে হাতির পালের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাঁটাবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাতে পাহাড়ি এলাকায় বন্য হাতির পাল তাণ্ডব চালিয়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করেছে।
এলাকার কয়েকজন জানান, উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাঁটাবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৩০-৪০টি বন্য হাতি হানা দেয়। ভোর চারটা পর্যন্ত হাতিগুলো তাণ্ডব চালিয়ে কার্তিনা ম্রং, রাইসা চিসিম, সুজয় মারাক, আঞ্জেন্দ্র চিসিম, প্রভাত চিসিম, শামছুল হক, জলেন্দ্র মানকিন, অরুণ ম্রং, লেবেন মারাক ও হাজেরা বেগমের ২২টি ঘর এবং নূরজাহান বেগমের মুদি দোকান গুঁড়িয়ে দেয়।
হাতির পাল এ সময় ঘরে মজুত থাকা শতাধিক মণ ধান ও চাল খেয়ে সাবাড় করে এবং ঘরের আসবাব নষ্ট করে। এ ছাড়া হাতির পাল দাওধারা কাঁটাবাড়ি এলাকায় ১৫ একর খেতের পাকা ধান খেয়ে ফেলে এবং সদ্য রোপণ করা প্রায় ৪০ একর আমন ধানের খেত পা দিয়ে পিষে নষ্ট করে। ক্ষতিগ্রস্ত শামসুল হক বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে ৩০-৪০টি হাতির দল বাড়ির চাইর মুরা ঘিইরা হালায়। নিরুপায় অইয়া আগুন জ্বালাইয়া বউ পোলাপান লইয়া সইরা যাই। সহালে ফিইড়া দেহি থাহুনের দুইডা ঘরসহ সব কিছু ভাইঙ্গা চুরমার কইরা হালাইছে। অহন খামু কী, থাকমু কেমনে।’ বলে তিনি কাঁদতে থাকেন।
নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর রহমান জানান, বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়িঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল জানান, দাওধারা কাঁটাবাড়ি এলাকায় হাতি তাণ্ডব চালিয়ে ১৫ একর খেতের পাকা ধান খেয়ে ফেলেছে এবং ৪০ একর আমন ধানের খেত নষ্ট করেছে।
নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোকলেছুর রহমান বলেন, ‘পাহাড়িরা যেন বন্য হাতি তাড়াতে মশাল জ্বালাতে পারে, সে জন্য ২০০ লিটার কেরোসিন তেল দিয়েছি।’