বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদকারী শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বেঁচে থাকা দুই শতাধিক যোদ্ধা ভালো নেই। দরিদ্রতা, অবহেলা ও অসুখ-বিসুখে খেয়ে না খেয়ে কোনো রকম তাঁরা বেঁচে আছেন।
উপজেলা প্রতিরোধযোদ্ধা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার চৌকিদারটিলায় একটি সংগঠন গড়ে তোলা হয়। এখানে উপজেলার ৩৭৫ জন যুবক বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে এক মাস প্রশিক্ষণ নেন। পরে সংগঠনের সদস্যরা কুড়িগ্রামের রৌমারী থেকে সুনামগঞ্জ পর্যন্ত সীমান্ত এলাকায় নানা কর্মকাণ্ড চালান। তখন সীমান্তবর্তী বিভিন্ন স্থানে বিডিআর ও পুলিশ সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। ২২ মাস পর নানা নির্যাতন ও পরাজয়ের গ্লানি ভোগ করে তাঁরা ফিরে আসেন। এঁদের মধ্যে আজগর আলী, শফিকুল ইসলাম, জিনাত আলী, গৌরাঙ্গ পাল ১০ বছর করে কারাভোগ করেন। এ ছাড়া বৈদ্যনাথ কর ও মোফাজ্জল হোসেন দুই বছর করে কারাভোগ করেন। এরপর তাঁরা উপজেলা প্রতিরোধযোদ্ধা পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন।
সংগঠনের অনেকেই ইতিমধ্যে মারা গেছেন। এখনো বেঁচে আছেন দুই শতাধিক প্রতিরোধযোদ্ধা। অবহেলা ও অসুখ-বিসুখে তাঁরা খুব কষ্টে আছেন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরোধযোদ্ধাদের প্রত্যেককে ২০ হাজার ও শহীদ পরিবারকে এক লাখ টাকা অনুদান দেন। এখন বেশির ভাগ যোদ্ধা দিনমজুরি করেন। অনেকেই রিকশা চালান। অনেকের ভিটা-বাড়ি না থাকায় অন্যের বাড়িতে থাকেন। বেঁচে থাকা যোদ্ধারা তাঁদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।
আজগর আলী (৬০) বলেন, ‘এখন ঢাকায় রিকশা চালাই। নিজের বাড়িঘর না থাহায়, শ্বশুরবাড়িতে আশ্রয় লইছি। বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিবার লাইগা হাতে অস্ত্র নিছিলাম। তহন অপারেশন করবার গিয়া অস্ত্রসহ আমরা তিনজন পুলিশের হাতে ধরা পড়ি। নির্যাতনের পর সামরিক আদালতে আমগর ২২ বছর কইরা জেল অয়। ১০ বছর জেল খাডুনের পর ১৯৮৪ সালে শেখ হাসিনার সহায়তায় আমরা মুক্তি পাই।’
নিবারণ চন্দ্র ভদ্র (৬৭) বলেন, ‘আত্মসমর্পণের পরে আমগরে ময়মনসিংহ ক্যাম্পে নিয়া যাওয়া হয়। সেইখানে তিন মাস নির্যাতন চলে। অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মুচলেকা দিয়া আমারে মুক্ত করে। পরে জীবন বাঁচানোর জন্য বেসরকারি একটা প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করি। অসুস্থতার জন্য সে চাকরি বেশি দিন করা অয় নাই। নিজের বাড়ি-ভিডাও নাই। অহন ভাইয়ের এক ছেলের উপরে থাহি। দিলে খাই, না দিলে না খাইয়া থাহি।’
আবদুল হাই (৫৬) বলেন, ‘নিজের কোনো বাড়িঘর নাই। অন্যের বাড়িত থাহি। সরকার যদি আমগর প্রতি একটু দৃষ্টি দিতেন, তাইলে আমগর মতো অসহায় যোদ্ধাদের বিরাট উপকার অইত।’
উপজেলা প্রতিরোধযোদ্ধা পরিষদের আহ্বায়ক ফজলুল হক বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীরা অবহেলিত। সবাই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। টাকার অভাবে তাঁদের চিকিৎসা হয় না। অনেকের কাজ করার শক্তি ও সামর্থ্যও নেই। সরকারিভাবে যদি তাঁদের সহায়তা করা যেত, তাহলে মৃত্যুর আগে তাঁরা একটু স্বস্তি নিয়ে মরতে পারতেন।