নালিতাবাড়ীর কোচ সম্প্রদায়ের মেয়েরা শিক্ষার সুযোগবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্তঘেঁষা খলচন্দা গ্রামের কোচ সম্প্রদায়ের মেয়েরা নিরাপত্তার কারণে তৃতীয় শ্রেণির পর লেখাপড়া করতে পারছে না। শিক্ষার প্রতি প্রবল আগ্রহের কারণে অনেক অভিভাবক মেয়েদের অন্যত্র পাঠিয়ে দেন। এলাকাবাসী ও ঝরে পড়া শিক্ষার্থীরা এই গ্রামে একটি সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।
কয়েকজন গ্রামবাসী বলেন, উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তঘেঁষা গারো পাহাড়ের ঢালে খলচন্দা গ্রাম। এই গ্রামে ৫০টি কোচ পরিবারের বাস। লোকসংখ্যা তিন শতাধিক। সবাই প্রায় দরিদ্র। দিনমজুরি ও পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে এদের জীবন চলে। যাতায়াতে ভালো সড়ক নেই। বর্ষায় অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। শিক্ষা বলতে একটি বেসরকারি সংগঠনের তৃতীয় শ্রেণি পর্যন্ত একটি বিদ্যালয় রয়েছে। একজন শিক্ষক দিয়ে চলে পাঠদান। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩১। তৃতীয় শ্রেণি পাস করে চতুর্থ শ্রেণিতে ভর্তি হতে যেতে হয় আড়াই কিলোমিটার দুর্গম ও পাহাড়ি পথ অতিক্রম করে বারোমারি মিশনারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিকে পড়তে যেতে হয় পাঁচ কিলোমিটার দূরে পলাশীকুড়া উচ্চবিদ্যালয়ে। এই গ্রামের মেয়েদের লেখাপড়া করার ইচ্ছা থাকার পরও নিরাপত্তার কারণে তৃতীয় শ্রেণিতে পড়ার পর অভিভাবকেরা মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ১০-১৫ বছর ধরে প্রতিবছর এই দুর্গম পাহাড়ি এলাকায় মেয়েরা বহিরাগত অথবা এলাকার বখাটেদের নির্যাতনের শিকার হয়েছে। ২০১২ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টাকালে এক বখাটেকে এলাকাবাসী ধরে ফেলেন। গত বছর একই ঘটনায় এক বখাটেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। নিরাপত্তার কারণে তিন বছর ধরে এই গ্রামের মেয়েরা তৃতীয় শ্রেণির বেশি লেখাপড়া করতে পারে না। মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে অনেক অভিভাবক তাঁদের মেয়েদের অন্যত্র পাঠিয়ে লেখাপড়া করান। আর অধিকাংশ মেয়ের তৃতীয় শ্রেণিতে ওঠার পর লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
এলাকার বিরতি কোচনি (৫০) বলেন, ‘পাহাড়ি এই সড়ক দিয়া মেয়েরা চলাচল করতে ভয় পায়। তাই তৃতীয় শ্রেণির পর মেয়েরাও আর লেহাপড়া করে না। অভিভাবকরাও আগ্রহ করে না।’ তাঁর মেয়েকে ময়মনসিংহের ধোবাউড়ায় এক আত্মীয়ের বাড়িতে রেখে পড়াচ্ছেন।
রমেশ চন্দ্র কোচ (৫৭) বলেন, ‘তিন বছর আগে বখাটেদের উপদ্রবের কারণে শুধু আমার মেয়ে না পাড়ার আট-নয়জন মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখানে সরকারি একটা স্কুল অইলে মেয়েরা অন্তত পঞ্চম শ্রেণি পাস করবার পাইত।’
লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া রতনা কোচনি (১৪) বলে, ‘তিন বছর আগে চতুর্থ শ্রেণিতে পড়ার পর নিরাপত্তার কারণে আমগর লেখাপড়া বন্ধ অইয়া গেছে।’ কোচপাড়ার মণ্ডল (প্রধান) সবরন্ত কোচ (৭০) বলেন, ‘অভিভাবকেরা তৃতীয় শ্রেণির পর মেয়েদের লেখাপড়া করায় না। যাগর একটু সামর্থ্য আছে তারা অন্যত্র রেখে মেয়েদের লেখাপড়া করায়। একটা সরকারি স্কুল অইলে ছেলেমেয়ে সবাই শিক্ষার সমান সুযোগ পাইত।’
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ মিয়া বলেন, এটা অবহেলিত একটি গ্রাম। পাহাড়ি জনপথ হওয়ায় শিক্ষার সুযোগ কম। তাই স্থানীয়ভাবে জমি দিয়ে সরকারি স্কুল নির্মাণের প্রস্তাবনা তাঁরা দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রফিক বলেন, কিছুদিন আগে বিদ্যালয়হীন গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জায়গা নির্ধারণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।