নালিতাবাড়ী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসমালিকদের দ্বন্দ্বের কারণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে দুই দিন ধরে দূরপাল্লার ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ময়মনসিংহ ও ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

উপজেলা বাস মালিক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী-ঢাকা সরাসরি সড়ক যোগাযোগের জন্য মহাখালী বাস মালিক সমিতি ও নালিতাবাড়ী বাস মালিক সমিতির অধীনে ৩২টি বাস চলাচল করে। প্রতি রাতে পর্যায়ক্রমে নালিতাবাড়ী থেকে চারটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গত ৩১ জুলাই রাতে এসআরএল, জিএম, শাহজালাল ও লুবনা পরিবহন ঢাকা পৌঁছালে মহাখালী বাস মালিক সমিতি ওই চারটি বাস আটকে দেয়। অপরদিকে গত মঙ্গলবার ঢাকা থেকে নালিতাবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা হাজি, রাজু, ভূইয়া ও নিলয় পরিবহন নালিতাবাড়ী আসার পর স্থানীয় বাস মালিক সমিতি এই চারটি গাড়ি আটকে দেয়। এরপর নালিতাবাড়ী থেকে রাজধানীতে সরাসরি বাস চলাচল বন্ধ।

সরাসরি বাস বন্ধ থাকায় দুই দিন ধরে ময়মনসিংহ ও রাজধানীগামী দেড় হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। যাত্রীরা বিকল্প হিসেবে বেশি টাকা খরচ করে সিএনজিচালিত অটোরিকশায় নকলা উপজেলা হয়ে শেরপুর জেলা শহর থেকে ছেড়ে আসা রাজধানীগামী বাসে যাতায়াত করছেন।

গতকাল বুধবার সকালে এ বিষয়ে পৌর শহরের বাস টার্মিনালে গিয়ে কয়েক জন যাত্রীর সঙ্গে কথা হয়। উপজেলার নয়াবিল গ্রামের মনিরা বেগম (৪০) বলেন, ‘বৃদ্ধ শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে ঢাকা যাব। কিন্তু নালিতাবাড়ী থেকে সরাসরি গাড়ি না থাকায় বিপদে পড়েছি। এখন নকলা হয়ে ঢাকা যেতে হবে।’

পৌর শহরের শিক্ষার্থী জাকিয়া আক্তার বলেন, ‘নালিতাবাড়ী থেকে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছি। কিন্তু বাস বন্ধ থাকায় বৃষ্টির মধ্যে বেশি ভাড়া ও সময় ব্যয় করে বিকল্প পথে ময়মনসিংহ যেতে হচ্ছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা কষ্ট করছেন।’

এ বিষয়ে নালিতাবাড়ী বাস মালিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘পাঁচ বছর ধরে মহাখালী বাস মালিক সমিতির নীতিমালা অনুযায়ী গাড়ি পরিচালনা করা হচ্ছে। হঠাৎ কিছু না বলে চারটা গাড়ি আটকে দেওয়ার বিষয়টি বুঝতে পারছি না। তাই তাদের চারটি গাড়ি আটকে দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে মহাখালী বাস মালিক সমিতির পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। তবে তিনি বলেন, ‘মহাখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নালিতাবাড়ী থেকে প্রতি রাতে একটা বাস চলার জন্য বলেছিলেন। কিন্তু আমরা পর্যায়ক্রমে মাসে চার-পাঁচ রাতে চলতে বলায় হয়তো তাঁরা বাস আটকে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে মহাখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শেরপুর, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকা বাস মালিক সমিতি যৌথভাবে রাতে গাড়ি চলাচলের জন্য একটা নীতিমালা তৈরি করেছে। কিন্তু নালিতাবাড়ীর বাসমালিকেরা কোনো নিয়ম মানেন না। তাঁরা বিভিন্ন স্থান থেকে রাতে গাড়ি পাঠান। তাই তাঁদের চারটি গাড়ি আটকে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া ঢাকার চারটি গাড়ি তাঁরা আটকে দিয়েছেন। বিষয়টি সমাধান করতে শেরপুরের মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে নালিতাবাড়ী বাসমালিকদের ঢাকায় আসতে বলা হয়েছে।