নালিতাবাড়ী সীমান্ত থেকে গুলিসহ একে-৪৭ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রাম থেকে পুলিশ গতকাল সোমবার একটি একে-৪৭ রাইফেল ও ২০টি গুলি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, সীমান্তঘেঁষা পানিহাতা গ্রামের রনীন্দ্র মারাকের ছেলে নিবাস মারাকের (৩০) বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ মজুদ আছে—এমন তথ্যের ভিত্তিতে শেরপুরের পুলিশ সুপারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল ভোর ছয়টার দিকে ওই বাড়িতে অভিযান চালাতে যায়। পুলিশ নিবাস মারাকের বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে কাপড় ও পলিথিন মোড়ানো অবস্থায় একটি একে-৪৭ রাইফেল ও ২০টি গুলি উদ্ধার করে। তবে মারাক আগেই পালিয়ে যান। পুলিশের একটি সূত্র জানায়, ২০০৭-০৮ সালে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পাঙ্গাস মারাক নালিতাবাড়ীতে অবস্থান করার সময় তাঁর সঙ্গে নিবাসের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। উদ্ধার করা অস্ত্র ও গুলি উলফার কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বাদী হয়ে নিবাস মারাকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।এর আগে গত বছরের ডিসেম্বরে শ্রীবরদীর বালিজুড়ি গ্রাম থেকে চায়নিজ রাইফেলের ৪৮টি গুলি উদ্ধার করা হয়। একই বছর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদীর গারো পাহাড় থেকে ছয় দফায় প্রায় আড়াই হাজার গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ঝিনাইগাতীর গজনী এলাকা থেকে র‌্যাবের সদস্যরা রকেট লঞ্চারের চারটি গোলা উদ্ধার করেন। ২০১০ সালে বিজিবি ঝিনাইগাতীর সীমান্তবর্তী বাকাকুড়া গ্রাম থেকে সাতটি মাইন, একটি গ্রেনেড, ৯৭টি গুলি উদ্ধার করে। একই বছর বাকাকুড়া গ্রাম থেকে রাইফেলের ১৩ হাজার ৬৮০টি তাজা গুলি উদ্ধার করা হয়।