নালিতাবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায় চলছে
শেরপুরের নালিতাবাড়ী থেকে ঢাকাগামী বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঈদের প্রায় এক সপ্তাহ পরও বিভিন্ন অজুহাতে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি ভাড়া আদায় করছেন পরিবহন মালিকেরা।
কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ঈদের দ্বিতীয় দিন থেকে নালিতাবাড়ী থেকে ঢাকাগামী বাসে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। স্বাভাবিক সময়ে ভাড়া ৩২০ টাকা হলেও এখন তা ৫০০-৬০০ টাকা। পরিবহন মালিকেরা একজোট হয়ে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। বিকল্প কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে তাঁদের রাজধানীতে ফিরতে হচ্ছে। ঈদের আগেও ঢাকা থেকে বাড়িতে যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া দিতে হয়েছিল।
উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় নালিতাবাড়ী বাস টার্মিনাল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, টার্মিনালের একটি কাউন্টার থেকে ঢাকাগামী বাসের টিকিট বিক্রি হচ্ছে। লাইনে দাঁড়িয়ে কয়েকজন টিকিট কিনছেন। উপজেলার ভালকাকুড়া গ্রামের মো. আমিনুল ইসলাম স্ত্রীকে নিয়ে ঢাকায় যাচ্ছেন। তিনি বলেন, ‘১ হাজার টাকায় সরকার পরিবহনের দুটো টিকিট কিনছি। ঢাকাতে শ্রমিকের কাজ করি। ঈদের এক সপ্তাহ পার অইলে এহনও বেশি ভাড়া দিয়োন লাগতাছে। কিছুত করার নাই। আমগর তো ঢাকা যাওয়ন লাগবই।’ তিনি বলেন, ঈদের আগে বাড়ি ফেরার সময়ও দুটি টিকিট ১ হাজার ২০০ টাকায় কিনতে হয়েছিল।
বারোমারী গ্রামের রফিজ উদ্দিন রাজধানীতে কাঁচামালের ব্যবসা করেন। তিনি বলেন, ‘ঈদের এক সপ্তাহ পার অইলেও ২ হাজার টাকা দিয়া চারডা টিকিট কিনছি। কি করমু। উপায় নাই। যাত্রীরা সব জিম্মি হইয়্যা পড়ছে।’
বাস টার্মিনালের ঢাকাগামী কাউন্টারের টিকিট মাস্টার উজ্জ্বল মিয়া বলেন, প্রতিদিন নালিতাবাড়ী থেকে ঢাকায় ৪০টি বাস চলাচল করে। আধ ঘণ্টা পরপর বাস ছাড়ে। প্রত্যেক যাত্রীর ভাড়া ৩২০ টাকা। তবে ঈদ উপলক্ষে টিকিটের দাম বেড়ে গেছে। পরিবহন মালিকদের নির্দেশে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতে তাঁর নিজের কোনো লাভ নেই।
নালিতাবাড়ী বাস কোচ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়জিৎ দত্ত বলেন, ঈদের পর নালিতাবাড়ী থেকে যাত্রী নিয়ে ঢাকা গেলেও ফিরতি পথে গাড়ি খালি নিয়ে আসতে হয়। তাই ঈদ উপলক্ষে মালিকেরা মঙ্গলবার (গতকাল) পর্যন্ত জনপ্রতি ভাড়া ৫০০ টাকা নির্ধারণ করেছিলেন। এরপর আগের মতোই ভাড়া থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান গতকাল দুপুরে বলেন, ‘আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে জেলা সদরে রয়েছি। ঢাকাগামী বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ শুনেছি। ফিরেই পদক্ষেপ নেব।’