নালিতাবাড়ীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে। ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও ধর্ষণের দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়।

শেরপুরের শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন আজ বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি পৃথক ধারায় তাঁকে ১৪ বছর ও যাবজ্জীবনের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. পারভেজ ইসলাম (২৭)। তিনি নালিতাবাড়ীর বনকুড়া গ্রামের বাসিন্দা।

আসামি পারভেজ পলাতক জানিয়ে, শিশু আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া বলেন, আদালত পারভেজকে দুটি পৃথক ধারায় ১৪ বছর ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পাশাপাশি ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ মাসের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের নভেম্বরে দণ্ডপ্রাপ্ত আসামি ও তাঁর কয়েকজন সহযোগী মিলে ওই ছাত্রীকে অচেতন করে অপহরণ করেন। পরে জ্ঞান ফিরে এলে ওই ছাত্রী জানতে পারে তাকে পাবনা জেলার অজ্ঞাত এক জায়গায় নিয়ে আসা হয়েছে। এরপর দীর্ঘ আট মাস পাবনাসহ বিভিন্ন স্থানে রেখে পারভেজ ওই ছাত্রীকে ধর্ষণ করেন। একপর্যায়ে ২০১৬ সালের জুলাই মাসে কৌশলে ওই ছাত্রী তার গ্রামের বাড়িতে ফিরে আসে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা পারভেজসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। পরে ২০১৭ সালের ১৯ নভেম্বর আদালতে শুধুমাত্র পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পিপি গোলাম কিবরিয়া রাষ্ট্রপক্ষে ও মো. আবুজার গাফ্ফারী আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। তবে আবুজার গাফ্ফারী প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।