নালিতাবাড়ীতে অর্ধশত লোক আর্সেনিকোসিসে আক্রান্ত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আর্সেনিকযুক্ত পানি পান করে অর্ধশতাধিক লোক আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও সরকারিভাবে বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয় ও বেসরকারি একটি সংস্থা সূত্র জানায়, উপজেলায় ২৪ হাজার ৪৯৭টি নলকূপ রয়েছে। এর মধ্যে আর্সেনিকমুক্ত নলকূপ আট হাজার ৭৯৮টি। আর আর্সেনিকযুক্ত নলকূপের সংখ্যা ছয় হাজার ৪৮৩টি। এ ছাড়া নয় হাজার ২১৬টি নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়নি। গত ১০ বছরে উপজেলায় আর্সেনিকযুক্ত পানি পান করায় ৫১ জন আর্সেনিকোসিসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৮ জনই নালিতাবাড়ী ইউনিয়নের দুটি গ্রামের। নালিতাবাড়ী ইউনিয়নের জনদ্দিনপাড়া গ্রামে একই পরিবারের চার সদস্য প্রায় আট বছর ধরে আর্সেনিকোসিসে ভুগছেন। তাঁদের হাত-পায়ে ক্ষত ও ফাটল দেখা দিয়েছে। তাঁরা স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারেন না।আর্সেনিকোসিসে আক্রান্ত খোদেজা বেগম বলেন, ‘আগের মতো আতে (হাত) বল পাই না। আত ফাইটা যাওয়ায় ঠিকমতো কাজকাম করবার পারি না। সরকারিভাবে হাসপাতাল থাইকা অহন কোনো ওষুধ দেয় না।’কবির হোসেন জানান, হাসপাতাল থেকে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তাই নিরুপায় হয়ে সরকারের কাছে বিনা মূল্যে চিকিৎসার সুযোগ চেয়ে আবেদন করেছেন। নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর ও তাঁর দুই ভাই পাঁচ বছর ধরে আর্সেনিকোসিসে ভুগছেন। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডে শতাধিক টিউবওয়েল রয়েছে। এর মাত্র একটি আর্সেনিকমুক্ত। তাই এলাকার বেশির ভাগ মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করতে বাধ্য হচ্ছে। এর প্রতিকার চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাজুল ইসলাম জানান, উপজেলায় আর্সেনিকোসিসে আক্রান্ত ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান নেই। তবে গত তিন বছরে এ রোগে আক্রান্ত ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রুকুনুজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তিদের নিরাপদ পানির ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের আর্সেনিকযুক্ত নলকূপের পানি ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইউএনও মো. আবেদ আলী জানান, আর্সেনিকোসিসে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসাসেবা ও পানির বিকল্প ব্যবস্থার দাবি জানিয়ে গত মাসে লিখিত দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।