নালিতাবাড়ীতে আবাদি জমিতে বালুর আস্তরণ, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালী নদীর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সন্নাসীভিটা গ্রামের ১৫০ একর ফসলি জমিতে বালুর আস্তরণ পড়েছে। গ্রামবাসী বাঁধ নির্মাণ ও ফসলি জমির বালু অপসারণের দাবি জানিয়েছে।এলাকাবাসী সূত্র জানায়, গত আগস্ট মাসে উজান থেকে নেমে আসা দুই দফা পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে চেল্লাখালী নদীর বেড়িবাঁধ ভেঙে সন্নাসীভিটা গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়। কয়েক ফুট বালুর নিচে চাপা পড়ে যায় রোপা আমনের দেড় শ একর ফসলি জমি।সরেজমিনে ঘুরে জানা গেছে, পাহাড়ি ঢলের পানিতে চেল্লাখালী নদীর দুই জায়গায় বাঁধ ভেঙে যায়। ভাঙনের অংশ দিয়ে পানি প্রবেশ করে জমিতে বালুর আস্তরণ পড়ে। পানিতে বেশ কিছু গাছপালাসহ বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। পশ্চিম সন্নাসীভিটা গ্রামের একাংশে নেই আবাদ করার মতো এক টুকরো জমি। যেদিকে চোখ যায় বালু আর বালু। অথচ গ্রামবাসীর একমাত্র আয়ের উৎস এই কৃষি জমি।সন্নাসীভিটা গ্রামের কৃষক মজিবর রহমান (৫০) ও মো. হোসেন আলী (৪৬) জানান, পাহাড়ি ঢলের পানি যে গতিতে সন্নাসীভিটা এলাকায় আসে, সে পরিমাণ পানি ধারণ করার ক্ষমতা নদীর নেই। তাই পানির তীব্রতায় প্রতি বছর বাঁধ ভেঙে যায়। গত বছর পাহাড়ি ঢলের পানির তোড়ে জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী চেল্লাখালী এলাকায় পাকা সেতুটি ভেসে যায়। এ বছর সন্নাসীভিটা এলাকায় প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে দেড় শতাধিক একর ফসলি জমি বালুতে চাপা পড়েছে। সন্নাসীভিটা গ্রামের আহমদ আলী (৫২) বলেন, ‘আমার একমাত্র সম্বল ২৬ কাডা জমি, সম্পূর্ণ জমিতেই বালু পড়ছে। চাষ করনের কোনো উপায় নাই। বালুর কারণে জমি থাকতেও অহন কাম কইরা খায়ুন লাগে। আমরা তাড়াতাড়ি বান্দের একটা ব্যবস্থা চাই।’ গুলেছা বেগম (৭০) বলেন, ‘বাবারে ঘরে খায়ুন নাই। আমি একলা মানুষ, পানিতে আমার ঘরডা ভাইংগা গেছে। আমগর বানডা বান্দুন খুব দরকার। বানডা ওইলে আমরগর গ্রামের মাইনষের কষ্ট কমতো।’ মমিরুন নেছা (৫০) বলেন, ‘পানির সুমু চেয়ারম্যান আমগরে তিন কেজি চাল দিছিল, মুড়ি দিছিল আর আমরা কিছু পাইছি না। এই সাহায্য দরকার নাই। আমগরে বান বাইন্দা দেইন। তাইলেই আমরা খুশি।’ বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, ‘সন্নাসীভিটা এলাকায় বাঁধ ভেঙে আবাদি জমিতে বালুর আস্তরণ পড়েছে। ফলে জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। বাঁধের ভাঙা অংশ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি। সরকারি যেটুকু বরাদ্দ পেয়েছি তা সঠিকভাবে পৌঁছে দিয়েছি।’কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বালুর কারণে কৃষকেরা এখানে নতুন করে চাষ করতে পারেনি। তবে বালু অপসারণ করা গেলেই চাষাবাদের উপযোগী হয়ে যাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ আলী বলেন, দুই দফা পাহাড়ি ঢলে বাঘবেড়ে চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে ফসলি জমিতে বালু পড়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে সংস্কারের জন্য অবহিত করা হয়েছে। এলাকার কৃষকদের পুনর্বাসনসহ সব ধরনের সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।শেরপুর ও জামালপুরের দায়িত্বে নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামসুল করিম প্রথম আলোকে বলেন, ‘চেল্লাখালী নদীর ক্ষতিগ্রস্ত বাঁধের নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এক কোটি ২০ লাখ টাকার চাহিদাপত্র জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই আমরা দ্রুত কাজ শুরু করতে পারব।’