নালিতাবাড়ীতে কালভার্টে ফাটল, পুনর্নির্মাণের নির্দেশ সওজের
শেরপুরে নকলা-নালিতাবাড়ী দুই লেন সড়কে নবনির্মিত একটি কালভার্টে ফাটল দেখা দেওয়ায় গত সোমবার সেটি ভেঙে ফেলা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে নতুন করে এটি নির্মাণের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
সওজের শেরপুর কার্যালয় সূত্রে জানা যায়, নকলা থেকে নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত সাড়ে ২৯ কিলোমিটার দুই লেন সড়কের কাজ চলছে। এ সড়কে ১০টি বক্স কালভার্ট নির্মাণ করতে ২ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় মেসার্স আক্রাম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাল্লাকান্দা এলাকায় ৪০ লাখ টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত হয়।
এলাকার লোকজন অভিযোগ করেন, পুরোনো বক্স কালভার্ট না সরিয়ে তার ওপর নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে তাতে ফাটল দেখা দেয়। এলাকাবাসী বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন ফাটলে সিমেন্টের প্রলেপ দিয়ে দুপাশে মাটি ভরাট করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।
স্থানীয় যোগানিয়া গ্রামের সাইদুল ইসলাম বলেন, ‘কালভার্ট নির্মাণে অনিয়মের প্রতিবাদ করেছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করে তার প্রমাণ পেয়েছে। এখন নতুন করে কালভার্ট নির্মাণ করা হবে।’
আক্রাম এন্টারপ্রাইজের মালিক আক্রাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘১০টি বক্স কালভার্ট নির্মাণ করেছি। এর মধ্যে একটিতে ফাটল দেখা দেওয়ায় তা ভেঙে ফেলা হচ্ছে। এখন নতুন করে আবার কালভার্ট নির্মাণ করা হবে। এতে অনেক লোকসান গুনতে হবে।’
শেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘নির্মাণের পরপরই কালভার্টটি পরীক্ষা-নিরীক্ষা করে বেশ কিছু ত্রুটি পাওয়া গেছে। সোমবার (গতকাল) ভাঙার কাজ শুরু হয়েছে। সেখানে আবার নতুন করে কালভার্ট নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।’