নালিতাবাড়ীতে কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। একই দিন শ্রীবরদী উপজেলা থেকে এক ব্যক্তির ঝুলন্ত ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নালিতাবাড়ীতে নিহত কৃষকের নাম মইজ উদ্দিন (৫০)। তাঁর বাড়ি ওই উপজেলার পূর্ব সমশ্চূড়া গ্রামে। শ্রীবরদীতে উদ্ধার হওয়া লাশটি ওই উপজেলার ভেলুয়া গ্রামের ফটিক চানের (৮০)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নালিতাবাড়ী (শেরপুর): পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন একর জমি নিয়ে নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়া গ্রামের কৃষক মইজ উদ্দিনের সঙ্গে একই গ্রামের তালেব আলীর বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মইজ উদ্দিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সেই জমিতে হালচাষ করতে যান। খবর পেয়ে ওই জমিতে গিয়ে তালেব আলী ও তাঁর স্বজনেরা তাঁদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই মইজ উদ্দিন নিহত হন এবং তাঁর স্ত্রী জেলেহা বেগম (৪৫), ছেলে মো. হাবিবুর রহমান (২৫) ও মেয়ে রোজিনা খাতুন (১৪) গুরুতর আহত হয়। বেলা দেড়টার দিকে আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে মইজ উদ্দিনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকায় তালেবসহ ছয়জনকে আটক করা হয়েছে।
শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ভেলুয়া গ্রামে ফটিক চান নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাঁর বাড়ির পাশের একটি কাঁঠালগাছ থেকে লাশ উদ্ধার করা হয়। ভেলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, ফটিক চান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. আলম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে ফটিক চানের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার উত্তরণ বিদ্যানিকেতনের বারান্দা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ওই নারীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।