নালিতাবাড়ীতে কৃষককে হত্যা গ্রেপ্তার ১
শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধে গতকাল বুধবার সুরি মাহমুদ (৬০) নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার যোগানিয়া ইউনিয়নের উজান গাঙ্গপাড় গ্রামের সুরি মাহমুদ ও আবদুল বারিকের মধ্যে ৮২ শতক জমি নিয়ে দুই বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। ওই জমিতে গতকাল সকালে সুরি মাহমুদ শ্রমিকদের নিয়ে ধান কাটতে যান। সকাল সাড়ে আটটার দিকে সুরি শ্রমিকদের জন্য খাবার আনতে গেলে বারিক পেছন থেকে তাঁকে (সুরি) ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে সুরির মৃত্যু হয়। তাঁর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ অভিযান চালিয়ে বারিককে গ্রেপ্তার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রক্তমাখা ছুরিসহ বারিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সুরির ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে বারিককে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।