নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন আ. রহিম (৪০), জিয়ার হোসেন (২৬), ফজলু (৪০), সুলতান (৩৫), ফরিদ (৩৫), খসরু (২৫), আশরাফ আলী (৪০) ও কিসমত আলী (২৬)। তাঁদের মধ্যে কিসমত, রহিম ও খসরুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাওধারা গ্রামের কিসমত আলী ও সোবহান আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গতকাল সকাল ১০টার দিকে নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এক সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরুর আগেই দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে লাঠি ও দেশি অস্ত্রের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন।