নালিতাবাড়ীতে ঝুলে গেছে আনন্দ স্কুলের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আনন্দ স্কুলের শিক্ষক নিয়োগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আদায় ও কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগ উঠেছে। আর এ কারণে উপজেলায় এ বিদ্যালয়ের কার্যক্রম শুরু করার বিষয়টি ঝুলে গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্প হিসেবে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) আনন্দ স্কুলের কার্যক্রম চলতি বছরের মে থেকে নালিতাবাড়ী উপজেলায় শুরু হওয়ার কথা ছিল। দারিদ্র্যসহ নানা বৈষম্যের কারণে উপজেলার ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়া শেখানোর জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়। সে অনুযায়ী ১২২টি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কেন্দ্রের শিক্ষক নিয়োগের জন্য চলতি বছরের মার্চে প্রথম ধাপে বিজ্ঞপ্তি দিয়ে ৭০টি কেন্দ্রের জন্য একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিন্তু এপ্রিলে দ্বিতীয় ধাপে ৫২টি কেন্দ্রের জন্য শিক্ষক নিয়োগে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
প্রথম ধাপে নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রফিক অর্থের বিনিময়ে দ্বিতীয় ধাপে ৫২ জন শিক্ষককে নিয়োগের জন্য নির্বাচিত করেছেন। তাঁদের প্রত্যেকের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছে। বেতন তোলার জন্য প্রত্যেক শিক্ষককে ১০ টাকা দিয়ে ব্যাংক হিসাব খুলতে হয়। কিন্তু এ প্রকল্পের সহায়তাকারী বেসরকারি সংগঠনের কর্মকর্তার মাধ্যমে ১০ টাকার স্থলে ১৫০ থেকে ২৫০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এ ব্যাপারে গত ২৭ মে অভিযোগ পেয়ে ইউএনও মাহবুবা আইরিন ব্যাংক হিসাব খোলার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এতে প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ পাওয়া শিক্ষকদের বেতন-ভাতা পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় আনন্দ স্কুলের কার্যক্রম শুরু করা যায়নি।
প্রথম ধাপে নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আনন্দ স্কুলের প্রতিটি কেন্দ্র থেকে অন্য কেন্দ্র এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব কমপক্ষে এক কিলোমিটার হওয়ার কথা রয়েছে। কিন্তু কেন্দ্র স্থাপনে এ নিয়ম মানা হয়নি। তাঁরা অভিযোগ করেন, শিক্ষা কর্মকর্তা নির্বাচিত শিক্ষকদের কাছ থেকে ‘প্রধান কার্যালয়’র নাম ভাঙিয়ে বেসরকারি সংস্থার ‘এসো নতুন সমাজ গড়ি’র মাঠকর্মী কমিউনিটি মোবিলাইজার (সিএম) উবায়দুল ইসলাম, মাহবুর রহমান ও পশ্চিম কলসপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কিবরিয়ার মাধ্যমে শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় ও শিক্ষার্থীদের ছবি তোলার নামে কেন্দ্রপ্রতি তিন হাজার ৫০০ টাকা করে নিয়েছেন।
এসো নতুন সমাজ গড়ির সিএম মাহবুর রহমান, উবায়দুল ইসলাম ও পশ্চিম কলসপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কিবরিয়া টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রফিক বলেন, অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের নিয়োগ দেওয়া হয়েছে। ছবি তোলার ব্যাপারে টাকা নেওয়া হয়েছে, বরাদ্দ পেলেই টাকা ফেরত দেওয়া হবে। নিয়োগ দেওয়ার বিনিময়ে শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু জানা নেই। এটা সংশ্লিষ্ট এনজিওর কাজ, তারা ভালো বলতে পারবে।’