নালিতাবাড়ীতে ট্রাকচালকদের কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক ট্রাকচালককে মারধরের ঘটনার প্রতিবাদে ট্রাকচালক শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় হওয়া মামলার ছয় আসামি গ্রেপ্তার হওয়ায় গত শুক্রবার রাতে তাঁরা ওই কর্মসূচি স্থগিত করেন।
গ্রেপ্তার হওয়া ওই ছয় আসামি হলেন নালিতাবাড়ী পৌর শহরের ছিটপাড়া এলাকার আবদুল মতিন (২৮), মো. বাপ্পি (২২), আল আমিন (২৫), রনি মিয়া (২৩), মানিক মিয়া (৩৬) ও একরামুল হক (৩৪)।
নালিতাবাড়ী ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোকছেদুর রহমান বলেন, ট্রাকচালককে মারধরের ঘটনায় হওয়া মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করায় তাঁরা তাঁদের কর্মসূচি ১০ মে পর্যন্ত স্থগিত করেছেন। মামলার প্রধান আসামিসহ বাকিদের এই সময়ের মধ্যে ধরা না হলে পরে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নকে নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
পুলিশ ও নালিতাবাড়ী ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে রুবেল মিয়া নামে এক ট্রাকচালক বালু বোঝাই করে পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে আসেন। এ সময় স্থানীয় ১০-১২ জন যুবক তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ওই যুবকেরা তাঁকে মারধর করেন।
এ ঘটনায় রুবেল ছিটপাড়া এলাকার বাসিন্দা সোহেল মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে নাম উল্লেখ ও আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে থানায় মামলা করেন। এ ছাড়া এ ঘটনার প্রতিবাদে নালিতাবাড়ী ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গত বুধবার রাতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে শেরপুর শহর থেকে নালিতাবাড়ী পৌর শহরের ছিটপাড়া এলাকার ওই ছয় যুবককে গ্রেপ্তার করে। রাতে শেরপুর জেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের নেতাদের পরামর্শে নালিতাবাড়ী ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সভা হয়। ওই সভা থেকে সংগঠনের সভাপতি মোকছেদুর রহমান ১০ মে পর্যন্ত কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ওসি এ কে এম ফসিহুর রহমান বলেন, গ্রেপ্তার ছয় আসামিকে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।