নালিতাবাড়ীতে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় মিয়া
হৃদয় মিয়া

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর গতকাল বৃহস্পতিবার পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ওই শিশুর পরিবারের দাবি, দুর্বৃত্তরা হত্যা করে পুকুরে তার লাশ ফেলে দিয়েছে।
শিশুটির নাম হৃদয় মিয়া (৮)। সে উপজেলার শেহড়াতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। হৃদয় জয়নদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে হৃদয় খেলার মাঠ থেকে ছোট ভাইকে বাড়িতে মার কাছে রেখে আবার খেলতে যায়। সন্ধ্যা হলেও হৃদয় বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে পরিবারটি বুধবার দিনব্যাপী ছেলের সন্ধান চেয়ে মাইকিং করায়। গতকাল বেলা দেড়টার দিকে হৃদয়দের বাড়ির প্রায় ৫০০ মিটার দূরে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
হৃদয়ের বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সঙ্গে শক্রতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে।’
নালিতাবাড়ী থানার এসআই গিয়াস উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।