নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার ১০ মাস পর স্কুলছাত্রের কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার ১০ মাস পর স্কুলছাত্র আলিমের (১২) হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের কুতুর খাল থেকে এই হাড়গোড় উদ্ধার করা হয়।পুলিশ ও আলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গড়াকুড়া গ্রামের আবদুর রহমানের ছেলে স্থানীয় বাথুয়ার কান্দা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবদুল আলিম। ২০০৯ সালের ৩ জুলাই সন্ধ্যায় প্রতিবেশী কালাম তাকে ঘুঘুর বাচ্চা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে নিখোঁজ হয়। এ ব্যাপারে আলিমের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কয়েক দিন পর গ্রামের বিলের ধারে আলিমের পায়ের চপ্পল পাওয়া যায়। ঘটনার পর কালাম ঢাকায় চলে যায়।গত সোমবার বিকেলে গ্রামের কয়েকজন কুতুর খালে মাছ ধরতে গিয়ে পানির নিচে মানুষের মাথার খুলি ও হাড়গোড় পায়। খবর পেয়ে আবদুর রহমান ঘটনাস্থলে যান। হাড়গোড়ের সঙ্গে পাওয়া গায়ের গেঞ্জি ও হাফপ্যান্ট দেখে এসব আলিমের বলে তিনি শনাক্ত করেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে মাথার খুলি, হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের কয়েকটি হাড়, একটি নীল রঙের স্যান্ডো গেঞ্জি ও একটি ছেঁড়া হাফ প্যান্ট উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে আলিমের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোতালেব বলেন, আলামতে মনে হচ্ছে, এগুলো আলিমেরই কঙ্কাল। হত্যার পর লাশটি গুম করে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে হাড়গোড় ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।