নালিতাবাড়ীতে পাহাড়ি ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নালিতাবাড়ী-শেরপুর সড়কের সন্ন্যাসীভিটা সেতু পানির তোড়ে ভেসে যাওয়ায় জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী দুটি সড়কেই এখন যান চলাচল বন্ধ। চরম দুর্ভোগে পড়েছে উপজেলা ও জেলা সদরে যাতায়াতকারীরা। জানা যায়, কয়েক দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত সোমবার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালি ও ভোগাই নদীতে এবং পাহাড়ি ঝরনাগুলোয় পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পানির তোড়ে নালিতাবাড়ী-শেরপুর সড়কের সন্ন্যাসীভিটা এলাকার সেতু, বেড়িবাঁধ, বালুঘাটা এলাকায় পাকা সড়ক, গাহেকপাড়া, নয়াবিল, খালভাঙ্গা, গোবিন্দনগর এলাকায় ভোগাই নদী তীর রক্ষা বাঁধ ভেঙে গেছে। এসব ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে উপজেলার ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বিনষ্ট হয়েছে ৫০ হেক্টর আমনের বীজতলা। ভেসে গেছে দুই শতাধিক পুকুরের মাছ।পাহাড়ি ঢলে বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্ন্যাসীভিটা, নন্নী ইউনিয়নের নন্নীবন্দধারা, পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমুচ্চুড়া ও বুরুঙ্গা গ্রামের কমপক্ষে ৪৩টি পরিবার ঘরবাড়ি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের হাসেম আলী (৫৫) বলেন, ‘ছেলেমেয়ে নিয়া আমার পাঁচজনের সংসার। রিকশা চালাইয়া খাইয়া না-খাইয়া পয়সা জমাইয়া একটা টিনের ঘর করছিলাম। বেড়িবাঁধের ভাঙনে আমার সবকিছু ভাইসা গেছে।’ ক্ষতিগ্রস্ত লোকজন জানান, ভাঙা বাঁধ দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে পাহাড়ে বৃষ্টি হলেই নদীতে পানি বাড়বে। তখন ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে বারবার তাদের দুর্ভোগে ফেলবে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা বলেন, ভাঙা এলাকা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙা অংশ মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা বলেন, ‘উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে এলাকার সাংসদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অবহিত করেছি। সন্ন্যাসীভিটা এলাকার ক্ষতিগ্রস্ত সেতুর বিকল্প হিসেবে বেইলি সেতু স্থাপন করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।’