নালিতাবাড়ীতে বন্য হাতির তাণ্ডবে বীজতলা ঘরবাড়ির ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারোপল্লিতে গতকাল মঙ্গলবার ভোরে বন্য হাতির দল আক্রমণ করে। দলটি ঘরবাড়ি ও বোরো বীজতলার ক্ষতি করে। অনেকের গোলার ধানও খেয়ে ফেলে হাতির দল। হাতির দল আদিবাসী চারটি পরিবারের নয়টি ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন: পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের জুরেন সাংমা (৫০), শচিন সাংমা (৪৫), ডালুকোনা গ্রামের আলবার্ট সাংমা (৪০) ও বুরুঙ্গা গ্রামের মাজম আলী (৪০)। ক্ষতিগ্রস্ত জুরেন সাংমা জানান, গতকাল ভোর সাড়ে চারটার দিকে ২০-২৫টি হাতি তাণ্ডব চালিয়ে তাঁর বসতঘরসহ গারোপল্লির নয়টি ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় বন্য হাতির দল গোলার ধানসহ ঘরের আসবাব তছনছ করে ফেলে। তিনিও আহত হয়েছেন।এলাকাবাসীর অনেকে জানান, পাহাড়ি গ্রামগুলোতে এক যুগেরও অধিক সময় ধরে বন্য হাতির পাল তাণ্ডব চালাচ্ছে। তার পরও সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ মিয়া বলেন, ক্ষতিপূরণের জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে জানানো হয়েছে।ইউএনও মো. আবেদ আলী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।