নালিতাবাড়ীতে বাল্যবিবাহ ঠেকালেন জনপ্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাপ্তবয়স্ক হলে এই ছেলে ও মেয়েরই বিয়ে দেওয়া হবে—এই প্রতিশ্রুতি দিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গত বৃহস্পতিবার পৌরসভার কার্যালয়ে সালিস বসিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও দুই পরিবারের লোকজন বলেন, নয়াবিল গ্রামের ফরহাদ আলীর ছেলে মো. মুকিম (১৮) ও পাশের মানুপাড়া গ্রামের জহুর উদ্দিনের মেয়ে জাকিয়া আক্তার (১৫) গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় একই পোশাক কারখানায় কাজ করে। তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। এর মধ্যে জাকিয়াকে তার পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। সে এ বিয়েতে অসম্মতি জানায়। বৃহস্পতিবার ওই বিয়ে হওয়ার কথা ছিল। এ অবস্থায় গত সোমবার জাকিয়াকে বিয়ে করার জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসে মুকিম। পরদিন বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও দুই পরিবারের লোকজন সালিসে বসেন। এতেও সমঝোতা না হওয়ায় পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিককে বিষয়টি জানানো হয়। গতকাল সকাল ১০টার দিকে পৌর কার্যালয়ে ছেলে-মেয়ে, পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিতি হন। সেখানে সালিসে তিন বছর পর প্রাপ্তবয়স্ক হলে ওই দুজনের বিয়ে দেওয়া হবে বলে মেয়র সিদ্ধান্ত দেন।

পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, বয়স না হওয়ায় তাদের বিয়ে বন্ধ করা হয়েছে। ছেলে-মেয়েসহ তাদের পরিবার সম্মতি জানিয়ে অঙ্গীকারনামায় সই দিয়েছে।