নালিতাবাড়ীতে বিএনপির একাংশের সঙ্গে হায়দারের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপির একাংশের সঙ্গে কর্মিসম্মেলন করে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার পৌরশহরের গড়কান্দা এলাকায় কর্মিসম্মেলনের মাধ্যমে এ ঘোষণায় স্থানীয় বিএনপিতে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।দলীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় হায়দার আলী বিএনপির সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর অংশকে পাশ কাটিয়ে পৌরশহরের গড়কান্দা মহল্লায় ইউসুফ আলীর নেতৃত্বাধীন বিএনপির কার্যালয়ে যান। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তিন শর মতো নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান।সম্মেলনে হায়দার আলী বলেন, ‘আসুন, নালিতাবাড়ী-নকলা তথা শেরপুরের উন্নয়নে ঐকবদ্ধ হই।’ তিনি বিএনপির অপর অংশের নেতাদের ইঙ্গিত করে বলেন, ‘গত নির্বাচনে আমাকে শেরপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু চাকরি থেকে অবসরের তিন বছরের মধ্যে নির্বাচন করা যাবে না—এই আইন অনুযায়ী আমি নির্বাচন করতে পারিনি। এখানে যিনি আপনাদের নেতৃত্ব দিয়েছেন, তিনি সম্প্রতি মারা গেছেন। তাই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবেন না। আগামী নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থী হব।’