নালিতাবাড়ীতে মা-মেয়ের ওপর এসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে মা ও মেয়েকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে মা নাজমা খাতুনের (৩৬) মুখমণ্ডলসহ দুই হাত এবং মেয়ে জুলেখা খাতুনের (১৫) কপাল ঝলসে গেছে। তাঁদের নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাজমার স্বামী মো. ফজল হক গতকাল শুক্রবার ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন।এসিডদগ্ধদের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাতটার দিকে নাজমা মেয়ে জুলেখাকে নিয়ে বোনের বাড়ি থেকে কুতুবাকুড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। কুতুবাকুড়া গ্রামে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। চিত্কার শুনে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।হাসপাতালে চিকিত্সাধীন নাজমা প্রথম আলোকে জানান, এক একর সাত শতাংশ পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর মামা আজমত আলীর (৬৫) সঙ্গে তাঁদের বিরোধ চলছে। এ নিয়ে এসিড নিক্ষেপ করা হতে পারে বলে তিনি অভিযোগ করেন। নাজমা বলেন, ‘শরীরে শীতবস্ত্র থাকায় কোনো রকম বেঁচে গেছি। নইলে মেয়েটার বড় ধরনের ক্ষতি হতো।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, এসিড আক্রান্ত মা-মেয়ের চিকিত্সা চলছে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গনি জানান, ঘটনাটি জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটতে পারে। তদন্তের পর সবকিছু জানা যাবে।