নালিতাবাড়ীতে রাবার বাঁধ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর ওপর নির্মিত রাবার বাঁধ গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বাঁধটি উদ্বোধন করেন।
বাঁধ উদ্বোধন উপলক্ষে গতকাল দুপুরে চেল্লাখালী উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘স্বাধীনতা ও স্বাধীনতা-উত্তর রাজনীতি এক হওয়া উচিত নয়। সংগ্রাম ও যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন বাংলাদেশে সবখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশে কৃষি, সেচসহ সর্বত্র উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়নের জন্য মানুষের মঙ্গলের জন্য একটা স্থিতিশীলতা প্রয়োজন। উন্নয়নের উদাহরণ হচ্ছে এই চেল্লাখালী রাবার বাঁধ।’
সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘এই চেল্লাখালীর রাবার বাঁধের পানির প্রতিটি ফোঁটা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই পানিতে কৃষকের মুখে যে হাসি ফুটেছে, তাতে আমরা বেঁচে থাকব। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন।’
সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন আবদুল্লাহ। এতে বিএডিসির সদস্য পরিচালক (ক্ষুদ্র সেচ) সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক বক্তৃতা করেন।