নালিতাবাড়ীতে লুটপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার শক্তিশালীকরণের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পে (এলজিএসপি-২) বরাদ্দ করা টাকার বেশির ভাগই লুটপাট করা হয়েছে। প্রকল্পের আংশিক কাজ করে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১১-১২ অর্থবছরে এলজিএসপি-২-এর আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে ১০৭টি প্রকল্প প্রণয়ন করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ অবকাঠামো নির্মাণের জন্য রিং কালভার্ট, সড়কের মাটি ভরাট, স্বাস্থ্যসম্মত পায়খানা, নলকূপ স্থাপন ও নদীর বাঁধ মেরামত। এ ছাড়া রয়েছে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের জন্য প্রজেক্টর, ল্যাপটপ, আসবাবপত্র ও ঢেউটিন কেনা। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য এক কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৭৫৬ টাকা বরাদ্দ দেওয়া হয়।গত ৬ জুন উপজেলা পরিষদের সভাকক্ষে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিতভাবে ওই সব প্রকল্প পাস করানো হয়। কিন্তু অসৎ উপায়ে ভাউচার ও মাস্টাররোল দেখিয়ে কাজ না করে সব টাকা তুলে নেওয়া হয়েছে। প্রকল্প বিধি অনুযায়ী, ওয়ার্ড কমিটি মাইকিং বা ঢোল পিটিয়ে জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করার নিয়মনীতির কোনো তোয়াক্কা করা হয়নি।নালিতাবাড়ীর ইউএনও মো. আবেদ আলী বলেন, ‘আমি কিছুদিন হলো এখানে যোগ দিয়েছি। এলজিএসপি প্রকল্পের অনিয়মের কিছু অভিযোগ পেয়েছি। কাজেই এ প্রকল্পের কাজ কোন পর্যায়ে আছে, তা আমার জানা নেই। নিয়ম অনুযায়ী এত দিনে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।’উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে আন্ধারুপাড়া ক্ষিরুদ মিস্ত্রির বাড়ি থেকে লুইস নেংমিনজার বাড়ি হয়ে আলাল মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের জন্য এক লাখ ৭৮ হাজার ৫২৮ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এলাকায় গিয়ে দেখা গেছে, মূলত এটি পাকা সড়ক। এর সঙ্গে সংযুক্ত ১০০ গজের মতো কাঁচা সড়ক রয়েছে। কিন্তু সেটুকুতেও কোনো কাজ হয়নি। আন্ধারুপাড়া গ্রামের চায়ের দোকানদার শ্যামল সাংমা ও কৃষক আবদুল হালিমের কাছে প্রকল্পটি সম্পর্কে জানতে চাইলে তাঁরা জানান, এমন কোনো প্রকল্পের নামও তাঁরা শোনেননি। কাউকে কাজ করতেও দেখেননি। পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ মিয়া জানান, সাতটি প্রকল্পের মধ্যে ছয়টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বর্ষার কারণে শুধু এই প্রকল্পটির কাজ করতে একটু বিলম্ব হচ্ছে।রাজনগর ইউনিয়নে দেড় লাখ টাকা ব্যয়ে প্রান্তিক চাষিদের মধ্যে সেপ্র মেশিন বিতরণ ছাড়া বাকি প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে বলে ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ দাবি করেছেন। বাস্তবে রাজনগরে আবুল হোসেনের বাড়ি থেকে দোহালিয়া পাকা সড়কের মাথা পর্যন্ত দুই লাখ টাকার মাটি ভরাট প্রকল্পসহ আরও কয়েকটি প্রকল্পের কাজ হয়নি বলে রাজনগর-মধ্যপাড়ার কৃষক ইয়াসিন আলী ও আজগর আলী জানিয়েছেন।কাকরকান্দি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্রের জন্য প্রজেক্টর কেনা, গণগ্রন্থাগারের আসবাব ও বই সরবরাহের জন্য এক লাখ ৫৫ হাজার টাকা প্রকল্পে দেখানো হয়। তথ্য কেন্দ্রটিতে গিয়ে প্রজেক্টর পাওয়া যায়নি। আসবাবপত্রের দেখাও মেলেনি। ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার জোর দিয়ে বলেন, ‘আমার ইউনিয়নের সব কটি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে।’এলজিএসপি প্রকল্পের ব্লক গ্রেন্ট কর্ডিনেশন কমিটির (বিজিসিসি) সদস্যসচিব ও উপজেলা প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এলজিএসপি প্রকল্পের ব্যাপারে আমাকে জানানো হয়নি। এ ব্যাপারে কোনো সভা হয়েছে বলেও আমার জানা নেই।’উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, ‘এলজিএসপি প্রকল্প সম্পর্কে লিখিত অভিযোগ পেয়েছি। তবে প্রকল্পটির পদ্ধতিগত ত্রুটি রয়েছে। এ ধরনের ত্রুটির কারণেই বিভিন্ন অনিয়মের সুযোগ সৃষ্টি হয়। সার্বক্ষণিক কাজের মনিটরিংয়ের ব্যবস্থা থাকলে, ব্যাপক অনিয়মের অভিযোগ হয়তো উঠত না।’