নালিতাবাড়ীতে শেষ হলো দুই দিনব্যাপী তীর্থোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের বারোমারি এলাকায় বৃহস্পতিবার রাতে িখ্রষ্ট ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ পাপমোচনের আশায় প্রজ্বলিত মোমবাতি হাতে শোভাযাত্রায় অংশ নেন l প্রথম আলো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের বারোমারি এলাকায় বৃহস্পতিবার রাতে িখ্রষ্ট ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ পাপমোচনের আশায় প্রজ্বলিত মোমবাতি হাতে শোভাযাত্রায় অংশ নেন l প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেশ-বিদেশের কয়েক হাজার ভক্তের অংশগ্রহণে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গতকাল শুক্রবার শেষ হয়েছে ক্যাথলিক ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী তীর্থোৎসব।
তীর্থ উৎসব উদ্যাপন কমিটি সূত্র জানায়, উপজেলার গারো পাহাড়ের বারোমারি এলাকায় প্রতিবছর অক্টোবরের শেষ বৃহস্পতি ও শুক্রবার তীর্থোৎসব হয়।
গত বৃহস্পতিবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ জিয়োরজি কোচারি। রাত আটটায় কয়েক হাজার ভক্ত প্রজ্বালিত মোমবাতি হাতে পাপমোচনের আশায় আড়াই কিলোমিটার পাহাড়ি পথ পরিভ্রমণ করেন। আরাধনা ও নিশিজাগরণের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়। গতকাল শুক্রবার সকাল আটটায় অনুষ্ঠিত হয় জীবন্ত ক্রুশের পথে গীতি আলেখ্য। পরে সমাপনী মহা খ্রিষ্টযাগ অনুষ্ঠানে মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন অনুষ্ঠানে যোগ দেন এবং উপস্থিত লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব লুইস নেং মিনজা জানান, সব ধর্মের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ জিয়োরজি কোচারি বলেন, তীর্থোৎসব এই অঞ্চলের মানুষের একটি ঐতিহ্য। এখানে দেশ-বিদেশের অসংখ্য মানুষ আসেন। তাঁরা উৎসব-আনন্দের পাশাপাশি সারা রাত জেগে দেশ, জাতি, পরিবার ও নিজের শান্তি কামনায় প্রার্থনা করেন।