নালিতাবাড়ীতে শ্বশুরকে হত্যার অভিযোগে জামাতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্বশুরকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে জামাতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। জামালপুরের মাদারগঞ্জে এক বৃদ্ধা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামের মোফাজ্জল হোসেন (৬০), মাদারগঞ্জ উপজেলার জোনাইল পক্ষীমারি গ্রামের মৃত আবদুল খালেকের স্ত্রী আয়শা বেগম (৫০) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের রফিকুল ইসলাম (৩০)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নালিতাবাড়ী (শেরপুর): নালিতাবাড়ী থানার পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ বছর আগে উপজেলার ছালুয়াতলা গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে মর্জিনা খাতুনের (২৫) পোড়াগাঁও গ্রামের রবিউল্লাহর ছেলে মারফত আলীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরই শ্বশুরবাড়ি থেকে টাকা আনতে মর্জিনাকে নির্যাতন করতেন মারফত। এ কারণে তিনি তাঁর বাবার বাড়িতেই থাকতেন। বেশ কিছুদিন ধরে মারফত তাঁর স্ত্রীকে বাড়ি নিতে শ্বশুরকে চাপ দিচ্ছিলেন। কিন্তু নির্যাতন করায় শ্বশুর তাঁর প্রস্তাবে রাজি হননি। এরই জের ধরে গত শুক্রবার রাতে মারফত শ্বশুরবাড়ি এসে শ্বশুরের গলায় রশি পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ পুকুরে ফেলে দিয়ে রাতেই নিজ বাড়িতে চলে যান। মারফতের স্ত্রী মর্জিনা ও শাশুড়ি পাশের গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল সকালে মর্জিনা বাড়ি ফিরে স্বামী ও বাবাকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। একপর্যায়ে এলাকাবাসী বাড়ির পাশে পুকুরে মোফাজ্জলের লাশ ভাসতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। গতকাল সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মোফাজ্জলের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে জামাতা মারফতের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারফত শ্বশুরকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছেন।
জামালপুর: মাদারগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জোনাইল পক্ষীমারি গ্রামের মৃত আবদুল খালেকের স্ত্রী আয়শা বেগমের একমাত্র ছেলে আশরাফ হোসেন ছয় বছর ধরে বিদেশে আছেন। তাই আয়শা বেগম বাড়িতে একাই থাকতেন। গত শুক্রবার সারা দিন তিনি বাড়ি থেকে বের হননি। এরপর তাঁর এক ভাতিজা রাত ১১টার দিকে বাড়ির দেয়াল টপকে ভেতরে গিয়ে তাঁর গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় নিহত আয়শার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
নান্দাইল (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল সকালে শ্বশুরবাড়ির লোক পরিচয় দিয়ে কয়েকজন রফিকুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুক্ষণ পর তিনি মারা গেলে তাঁর সঙ্গে আসা লোকজনকে হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ সেখানে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন,রফিকুলের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করার সময় তাঁর কোনো স্বজনকে সেখানে পাওয়া যায়নি। পরে রফিকুলের বাড়িতে খবর পাঠালে তাঁর ছোট ভাই ইসমাইল হোসেন থানায় এসে লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন।