নালিতাবাড়ীতে সহকারী কমিশনারের ওপর ব্যবসায়ীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) শাহীনুর আলমের ওপর হামলা চালিয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন নালিতাবাড়ী পৌরসভার কাঁচামাল ব্যবসায়ীরা। এ সময় তাঁকে বহনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও এক ব্যবসায়ীকে আটক করাকে কেন্দ্র করে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।উপজেলার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, ‘বেশ কিছুদিন ধরে শাহীনুর আলম আমাদের কাছে চাঁদা দাবি করছেন। চাঁদা না দেওয়ায় তিনি ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করে আসছেন। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’তবে চাঁদা দাবির কথা অস্বীকার করে শাহীনুর আলম জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও ব্যবসায়ীরা দাঁড়িপাল্লায় কাঠের দণ্ড ব্যবহার করছেন। তিনি ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে ইউএনওর কাছে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু এর আগে ব্যবসায়ীরা তাঁর গাড়িতে হামলা চালায় ও তাঁকে লাঞ্ছিত করেন। উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, শাহীনুর আলম যদি জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন, তাহলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।ইউএনও ইউসুফ আলী বলেন, ‘বিষয়টি দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’