নালিতাবাড়ীতে সেচ-সংকটে ৫০০ একরের বোরো ফসল
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে পানি না থাকায় চলতি বোরো মৌসুমে ৫০০ একর জমিতে সেচ-সংকট দেখা দিয়েছে। সেচ-সংকট নিরসনে নদীর উজানের সেচপাম্প সপ্তাহে দুই দিন বন্ধ রাখতে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ভাটির সেচপাম্প মালিকেরা।
উপজেলা কৃষি কার্যালয়, লিখিত আবেদন, সংশ্লিষ্ট সেচপাম্প মালিক ও এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্নাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ১৫ মে রাবার ড্যামের উদ্বোধন করা হয়। গত বছরের ২১ ডিসেম্বর রাবার ড্যামের ১ কিলোমিটার উজানে মাটির বাঁধ ভেঙে যায়। এতে রাবার ড্যামের মাধ্যমে বোরো আবাদের জন্য মজুত করা পানি ছেড়ে দেওয়া হয়। বর্তমানে নদীতে যেটুকু পানি প্রবাহিত হচ্ছে, তা নদীর উজানে পোড়াগাঁও ইউনিয়নের ৫ কিলোমিটার এলাকায় নদীর দুই পাড়ে ৩৫টি পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে। ফলে নদীর ভাটি এলাকার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ, অভয়পুর, তাজুরাবাদ, বেকিকুড়া ও বাতকুচি গ্রামের ১২ জন সেচপাম্প মালিকের আওতায় ৩০০ জন কৃষক ৫০০ একর বোরো আবাদে পানি দিতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন। নদীর উজানের সেচপাম্প সপ্তাহে দুদিন বন্ধ রেখে ভাটিতে পানি দেওয়ার জন্য ইউএনওর কাছে নন্নী ইউনিয়নের সেচপাম্প মালিকেরা রোববার লিখিত আবেদন করেছেন।
অভয়পুর গ্রামের কৃষক রমিজ উদ্দিন (৫৫) বলেন, ‘রাবার ড্যামের পানি থাহুনে আমগর বিরাট সুবিধা অইছিল। মজুত করা পানি দিয়া আড়াই কুর (একর) জমিতে আবাদ করছি। হঠাৎ বান ভাইঙা যাওনে নদীর মধ্যে পানি নাই। পানির লাইগা আরও এক কুর জমি অহন তৈরি করবার পাইছি না।’
উত্তরবন্দ গ্রামের সেচপাম্প মালিক মো. আতাহারুল ইসলাম বলেন, ‘বাঁধের ভাঙনে এমনিতেই নদীতে পানি কমে গেছে। নন্নীর উত্তরবন্দ থেকে নদীর উজানে বরুঙ্গা গ্রাম পর্যন্ত ৫ কিলোমিটারে ৩৫টি সেচপাম্প রয়েছে। তাঁরা প্রতিনিয়ত পানি উত্তোলন করায় নদীর ভাটিতে পানি নেই। এতে ৫০০ একর জমিতে সেচ-সংকট তৈরি হয়েছে। নদীর ভাটিতে পানি পেতে সপ্তাহে দুই দিন উজানের সেচপাম্প মালিকদের পাম্প বন্ধ রাখতে ইউএনওর কাছে লিখিত আবেদন করা হয়েছে।’
তাজুরাবাদ গ্রামের সেচপাম্প মালিক মো. আবদুল হক বলেন, ‘এই মৌসুমে আমার সেচপাম্পের আওতায় ৫০ জন কৃষকের ৮০ একর জমি রয়েছে। অধিকাংশ জমি এখনো প্রস্তুত করা হয়নি। এর মধ্যে রাবার ড্যামের বান্দ ভাঙনে নদীতে পানি নাই। আবাদ নিয়া আমরা বিরাট বিপদের মধ্যে পড়ছি। উজানের পাম্প মালিকরা ভাটির কৃষকগর দুর্দশার কথা চিন্তা কইরা যদি সপ্তাহে দুই দিন পাম্প বন্ধ রাখে। তাইলে আমরা নদীর ভাটিতে পানি পামু। দুশ্চিন্তা একটু কমব।’
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল বলেন, এই এলাকার কৃষকদের সুবিধার জন্য চেল্লাখালী নদীর ওপর রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে। বাঁধের ভাঙনের কারণে বোরো আবাদের জন্য মজুত করা পানি ছেড়ে দেওয়া হয়েছে। এখন নদীতে পানি কমে গেছে। কৃষকেরা যেন সেচসুবিধা থেকে বঞ্চিত না হন, সেই দিকটা দেখা হবে।
এ ব্যাপারে ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, ‘মাসিক সভা থাকায় আমি জেলা সদরে রয়েছি। ফিরে বিষয়টি দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’