নালিতাবাড়ীতে ‘বিজয়ী’ চেয়ারম্যান নিয়ে ভজকট
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) নতুন ঘোষণায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউপিতে জটিলতা দেখা দিয়েছে। দ্বন্দ্ব বাড়ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার ও মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী স্কুলশিক্ষক নাজিম উদ্দিনের মধ্যে। এদিকে ইসি পাঁচ দিনেও সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত দিতে না পারায় স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বিপাকে পড়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ৩১ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে ৫ মে মনোনয়নপত্র দাখিল, ৬ ও ৭ মে বাছাই, ১৫ মে প্রত্যাহার এবং ১৬ মে প্রতীক বণ্টন করা হয়। আর এ সবই করা হয় নির্বাচন কমিশনের পরিপত্র-৩ অনুযায়ী। এতে উপজেলার কাকরকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মোট চারজন প্রার্থী। তাঁদের মধ্যে শিক্ষক ও ডিলারশিপের কারণে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। অপর দুই প্রার্থীর মধ্যে একজন প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে শহীদ উল্লাহ তালুকদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ৪ নম্বর পরিপত্র জারি করে, যা ১৬ মে রাতে স্থানীয় নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছায়। ওই ঘোষণা পেয়েই মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী স্কুলশিক্ষক নাজিম উদ্দিন নির্বাচনী মাঠে নেমে পড়েন। বিষয়টির সুরাহার জন্য উভয় প্রার্থীই স্ব স্ব অবস্থানে অনড় থেকে নির্বাচন কার্যালয়কে চাপ দিতে থাকেন।নির্বাচন কার্যালয় ১৮ মে নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে সিদ্ধান্ত চেয়ে চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো জবাব মেলেনি। এই সিদ্ধান্তহীনতার কারণে ওই ইউনিয়নের দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বাড়ছে।কাকরকান্দি ইউনিয়নের ঘাইলারা শামসুল হক স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। এলাকার ভোটাররা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আছেন। কারণ ৩১ মে নির্বাচন। সময়ও হাতে খুব কম। তাই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার।বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থী শহীদ উল্লাহ তালুকদার বলেন, ‘আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে শিক্ষকতার চাকরি থেকে পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হয়েছি। রিটার্নিং কর্মকর্তা লিখিতভাবে আমাকে নির্বাচিত ঘোষণা করেছেন। বিজয়ী ঘোষণার পর এখানে আর পরিপত্র-৪ বাস্তবায়নের সুযোগ নেই। আমিই এখন ওই ইউনিয়নের চেয়ারম্যান।’অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজিম উদ্দিন বলেন, ‘আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। পরিপত্র-৩ অনুযায়ী আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি আপিল করেছি। এর মধ্যে নির্বাচন কমিশন নতুন আদেশ দিয়েছে। তাই আমার আর নির্বাচন করতে কোনো বাধা নেই। নির্বাচনের জন্য এলাকায় কাজ করছি।’উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ইসির নির্দেশ পেলেই ওই ইউনিয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।’