নালিতাবাড়ীর পাহাড় থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গারো পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)।
নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি টেংরাটিলা এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দুইটা থেকে আজ সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
র্যাবের মিডিয়া উইং ও লিগ্যাল এইডের পরিচালক মাহবুব খান মুফতি বিকেলে ওই পাহাড়ে সংবাদ ব্রিফিংয়ে জানান, পাহাড়ের চারটি স্থানে অভিযান চালিয়ে মাটির গর্ত ও চারটি ড্রামের ভেতর থেকে বিমান বিধ্বংসী অস্ত্রের ব্যারেল একটি, দুটি বিমান বিধ্বংসী হ্যাভি মেশিন, দুটি মেশিনগান, মেশিনগানের ব্যারেল পাঁচটি, দুটি এসএমজি রাইফেল, দুটি পিস্তল, একটি একে ৫৬ উদ্ধার করা হয়। এ ছাড়া ৪৩ হাজার গোলাবারুদ ও আরও কিছু আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বরুঙ্গা কালাপানি এলাকার যে স্থান থেকে থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তার চারদিকে টিলায় ঘেরা। এলাকাবাসী জানায়, সাধারণত রাখাল ছাড়া কেউ এই পাহাড়ে চলাচল করে না।
মাহবুব খান মুফতি আরও জানান, দেশে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব সব সময় সক্রিয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী র্যাব-৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আপাতত অভিযান স্থগিত করা হয়েছে। প্রয়োজনে আবারও এই অভিযান পরিচালনা করা হতে পারে। এ ব্যাপারে মামলা করা হবে।
কালাপানি এলাকার বাসিন্দা জিবিন সাংমা (৫০) বলেন, ‘খুব ভোরে দেহি র্যাব সদস্যরা অস্ত্র উদ্ধারে পাহাড়ের টিলায় খুজাখোজি করতাছে। আমগের পাহাড়ে যায়তে না করায় যাইবার পাই নাই। পরে হুনছি এই খান থাইকা অস্ত্র উদ্ধার করা অইছে। কেডা এইভাবে অস্ত্র রাখলো আমরা বুঝবার পাইতাছি না।’
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ মিয়া জানান, ‘এই নির্জন পাহাড়ে লোকজনের যাতায়াত খুবই কম। এইভাবে এত গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারে আমরা আশ্চর্য হয়েছি।’
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিউর রহমান বলেন, অভিযানের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।