নালিতাবাড়ীর প্রধান দুটি সড়কের অবস্থা বেহাল
দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রধান দুটি সড়কের বেহাল অবস্থা। এই দুটি সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও ইট, বালু সুরকি উঠে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এ সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।এলাকাবাসীর কয়েকজন জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর থেকে নকলা উপজেলার সাড়ে ২৯ কিলোমিটার সড়ক দুই বছর ধরে সংস্কারবিহীন হয়ে পড়ে আছে। সড়কটি দুই লেনে উন্নীত করার কাজের উদ্বোধন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতার কারণে কাজের কোনো গতি নেই। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলা সদর থেকে বাঘবেড় হয়ে বারোমারী সীমান্ত ১০ কিলোমিটার সড়কেরও বেহাল অবস্থা।সরেজমিনে দেখা গেছে, নাকুগাঁও ও বাঘবেড় সড়কের বিভিন্ন স্থানে ইট, বালু, সুরকি উঠে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এ দুটি সড়ক দিয়ে লোকজনকে চলতে হচ্ছে।নাকুগাঁও সড়কের টেম্পোচালক ইব্রাহিম বলেন, ‘সড়কের কাজও হইতাছে না, আবার ভাঙাচোরা অংশের সংস্কারও করতাছে না। ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটতাছে।’কৃষক রফিজ উদ্দিন জানান, নালিতাবাড়ীর সঙ্গে জেলা শহরের প্রধান সড়কের সেতু ভেঙে যাওয়ায় বিকল্প সড়ক হিসেবে বাঘবেড় সড়কের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। তাই এ সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা দরকার। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, বাঘবেড় হয়ে বারোমারী সীমান্ত সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।শেরপুর সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুজ্জামান সোহেল বলেন, নাকুগাঁও সড়কের দুই লেনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে। যেটুকু জমি অধিগ্রহণ করা হয়েছে, সেখানে ঠিকাদারদের অলসতার কারণে কাজের গতি পাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান পারিশা ট্রেড সিস্টেম লিমিটেডের নির্বাহী পরিচালক হোসেন আহমেঞ্চদ বলেন, নাকুগাঁও সড়কের বাইপাসে মাটি ফেলা হচ্ছে। তবে অর্থ বরাদ্দ না থাকায় সড়কের কাজ শুরু করা যাচ্ছে না।