নালিতাবাড়ীর ‘বকবাড়ি’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সদর থেকে মাইল পাঁচেক দূরে ব্রজেন্দ্র মাস্টারের বাড়ি। বাড়ির চারপাশে বাঁশের ঝোপঝাড় ও বড় বড় গাছপালা। ঝড়ে একটি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে আছে। গাছটি সরানো তো দূরে থাক, এর ডালপালা কাটতেও বারণ করে দিয়েছেন ব্রজেন্দ্র মাস্টার। পাছে বকগুলো ভয় পেয়ে উড়ে যায়।প্রায় ৩০ বছর ধরে বকগুলোকে এক রকম আগলে রেখেছেন উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিকপাড়া গ্রামের অশীতিপর ব্রজেন্দ্র চন্দ্র বর্মণ। শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন বহু আগে। এর পর থেকে পরিবার-পরিজন ও পাখি নিয়েই আছেন।বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক বলেন, ‘দিনভর দল বেঁধে বকের আনাগোনা আর ভোরে বাঁশঝাড়ের নিচে সাপ, বেজি ও গুইসাপের চঞ্চল ছোটাছুটি আর কোথাও আছে কি না, জানি না। তবে এটা আমাদের গ্রামের আলাদা সৌন্দর্য।’এলাকাবাসী জানান, সন্ধ্যার আগেই শত শত বকের ডাকে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে থেমে যায় কোলাহল। আবার ভোরে সরব হয়ে ওঠে বকগুলো। দল বেঁধে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। বকের ডিম, ছানা ও পরিত্যক্ত মাছ খাওয়ার লোভে পাশের পুকুর ও জঙ্গল থেকে বাঁশঝাড়ের নিচে জড়ো হয় সাপ, গুইসাপ ও বেজি। বকগুলোর নিরাপদ আশ্রয়ের এ বাড়ি আগে মাস্টার বাড়ি বলে পরিচিতি থাকলেও এখন সবার কাছে ‘বকবাড়ি’ নামে পরিচিত।ব্রজেন্দ্র বর্মণ বলেন, ‘রাতদিন এদের (বকগুলোর) নজর রাখি, কেউ যেন এদের উৎপাত না করে। বাঁশঝাড় ও গাছে বিভিন্ন জাতের বক ছাড়াও নানা জাতের পাখি থাকে। অন্তত ৩০ বছর ধরে এখানে আছে ওরা।’ তাঁর ধারণা, বকের সংখ্যা হাজারের নিচে হবে না।ব্রজেন্দ্র বর্মণের স্ত্রী সমলা বর্মণ বলেন, ‘অনেকে বকের বিষ্ঠা সহ্য করতে পারে না। গা ঘিনঘিন করে। কিন্তু আমাদের পরিবারের সবার গা-সওয়া হয়ে গেছে। মাঝেমধ্যে পাড়ার দুষ্টু ছেলেরা চুপিচুপি বকের ছানা পাড়তে আসে। আমরা তাদের বাধা দিই।’ বড় ছেলে সতীন্দ্র চন্দ্র বর্মণ বলেন, ‘বাবার মতো বকগুলো আমাদেরও প্রিয় হয়ে গেছে। ঝড়-বৃষ্টিতে অনেক সময় বকের ছানা মাটিতে পড়ে যায়। আমরা আবার সেগুলো বাসায় তুলে দিয়ে আসি।’উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, পাখিরা সাধারণত যেখানে নিরাপদ মনে করে, সেখানেই রাত যাপন করে। সে ক্ষেত্রে ওই বাড়ি এবং বাড়ির মানুষগুলো ওদের কাছে নিরাপদ মনে হয়েছে। তাই হয়তো তারা বছরের পর বছর ধরে সেখানে অবস্থান করছে।’