নালিশ করতে গিয়ে হেনস্তা গণপূর্তের প্রকৌশলীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কর্মকর্তাকে বদলি করায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে সন্ত্রাসীদের হাঙ্গামার ব্যাপারে প্রতিমন্ত্রীর কাছে নালিশ করতে গিয়ে একদল প্রকৌশলী হেনস্তা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল সোমবার দুপুরে মিন্টো রোডে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর বাসার সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। গণপূর্ত অধিদপ্তরের একাধিক সূত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সার্কেল-২) হাফিজুর রহমান মুন্সি ওরফে টিপু মুন্সিসহ কয়েকজন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করার ঘটনাকে কেন্দ্র করে প্রায় ১০ দিন ধরে গণপূর্ত অধিদপ্তরে অস্থিরতা চলছে। এটাকে কেন্দ্র করে প্রকৌশলীদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। ২ অক্টোবর বদলির আদেশ জারি হয়। এর পরদিন দুপুরে সরকারদলীয় সমর্থক পরিচয় দিয়ে একদল বহিরাগত যুবক পূর্ত ভবনে প্রধান প্রকৌশলীর কক্ষে ঢুকে হট্টগোল করেন। তাঁরা প্রধান প্রকৌশলীকে না পেয়ে অন্য কর্মীদের হেনস্তা করেন এবং বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। এ ব্যাপারে জানতে চাইলে প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।গত শুক্রবার রাতে পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান দেশে ফিরলে তাঁর কাছে এ বিষয়ে নালিশ জানাতে গতকাল বেলা দেড়টায় গণপূর্ত অধিদপ্তরের একদল প্রকৌশলী প্রতিমন্ত্রীর বাসায় যান। খবর পেয়ে সেখানে হাফিজুর রহমান মুন্সির পক্ষের প্রকৌশলীরা হাজির হন।কয়েকজন প্রকৌশলী অভিযোগ করেন, তাঁরা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তিনি বাসায় নেই জানিয়ে প্রতিমন্ত্রীর কতিপয় আত্মীয় ও বাসার কর্মী বাধা দেন এবং অশোভন আচরণ করেন। তখন সেখানে হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁরা ফিরে যাওয়ার পথে বাসার ফটকে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা হয়। তিনি তখন বাসায় ঢুকছিলেন। তখন প্রতিমন্ত্রী অসময়ে না এসে প্রকৌশলীদের তাঁর দপ্তরে গিয়ে কথা বলতে বলেন।এ ব্যাপারে বক্তব্য জানতে গত রাতে প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।