নাল্লাপাড়ায় উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার প্রত্যন্ত গ্রাম নাল্লাপাড়ায় গত শনিবার ছিল উৎসবের আমেজ। এই গ্রামের বেলায়েত হোসেন বহুমুখী উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন দেশবরেণ্য ব্যক্তিত্বরা। দিনভর চলে নানা অনুষ্ঠান। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ১৯৯৩ সালে নিজ গ্রাম নাল্লাপাড়ায় তাঁর বাবার নামে ‘বেলায়েত হোসেন বহুমুখী উচ্চবিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। বেলায়েত হোসেন ছিলেন ব্রিটিশ আমলে জেলা ও দায়রা জজ। প্রায় সাড়ে ছয় একর জমির ওপর বিদ্যালয়টি স্থাপিত। ফলাফল ও শিক্ষার্থীসংখ্যার দিক দিয়ে ইতিমধ্যে এটি উপজেলার প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। শনিবার বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলেও পুরো গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ। শুধু নাল্লাপাড়া নয়, আশপাশের গ্রাম থেকেও বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু এসে ভিড় করে বিদ্যালয়টিতে। বেলা ১১টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক জাতীয় পতাকা এবং স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্কুলের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের ব্রতচারী দল ও স্কাউটরা দৃষ্টিনন্দন শারীরিক কসরত প্রদর্শন করে। প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘খাদ্যনিরাপত্তা ও বিদ্যুৎ খাতের পাশাপাশি সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সুন্দর পরিবেশে গড়ে ওঠা এই বিদ্যালয় অনেকের জন্যই আদর্শ হয়ে থাকবে। বিত্তবানেরা যদি নিজ নিজ এলাকায় এমন প্রতিষ্ঠান গড়ে তোলেন, তবে দেশ শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে যাবে।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়নের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতি নিহিত রয়েছে। বাংলাদেশকে নতুন রূপে তৈরি করার চাবিই হচ্ছে শিক্ষা। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, স্কুলের প্রধান শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সাবেক প্রধান তথ্য কমিশনার মোহামঞ্চদ জমির, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ মোহামঞ্চদ তানভীর, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু কায়সার খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা স্কুলের বিজ্ঞানাগারে শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন। এ উপলক্ষে স্কুলের সামনে গ্রামীণ মেলা বসে।