নাশকতা উসকে দেওয়ার খবর প্রচার না করতে একমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা ও নাশকতা উসকে দেয়—এমন খবর প্রচার না করতে দেশের বেসরকারি টেলিভিশনের মালিক, প্রতিনিধি ও সরকার একমত হয়েছে।

আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন মন্ত্রিসভার পাঁচ সদস্য। সভায় দেশের পরিস্থিতি ‘স্বাভাবিক’ দাবি করে বিষয়টি তুলে ধরতে টেলিভিশন চ্যানেলগুলোর সহযোগিতা চাওয়া হয়।

সভা শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, দেশে আন্দোলনের নামে নাশকতা ও সন্ত্রাস চলছে। সন্ত্রাস ও নাশকতা জাতিকে গাইড করতে পারে না। সন্ত্রাস ও নাশকতায় যদি সরকার পরিবর্তন হতো, তাহলে সারা বিশ্বে রাজনীতি থাকত না। দেশের প্রকৃত অবস্থা ‘স্বাভাবিক’ বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, এখানে মতবিনিময় করা হয়েছে। কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আলোচনার ভিত্তিতে ঐকমত্য হয়েছে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, এখানে সত্যটা তুলে ধরা হবে। যেমন-ঢাকা শহরে ট্রাফিক জ্যাম সম্পূর্ণ স্বাভাবিক, সে কথাও তুলে ধরতে হবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, চলমান সন্ত্রাস-নাশকতা, জ্বালাও-পোড়াও ও অন্তর্ঘাত মোকাবিলায় ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।

বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘রাজনীতির জায়গা যদি সহিংসতা দখল করে নেয়, তাহলে রাজনীতি বিপজ্জনক জায়গায় পড়বে। আমরা সুস্থ রাজনৈতিক ধারার পক্ষে এবং সহিংসতার বিরুদ্ধে। আমরা একমত হয়েছি, এখন যা চলছে, বার্ন ইউনিটে যে চিৎকার, আর্তনাদ সেই আর্তনাদের পক্ষে আমরা এবং যারা এই আর্তনাদ সৃষ্টি করে, তাদের বিপক্ষে আমরা।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যসচিব মরতুজা আহমেদ, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন বাবু প্রমুখ।