নাশকতা উসকে দেয় এমন খবর প্রচার করবে না টিভি চ্যানেলগুলো
সহিংসতা ও নাশকতা উসকে দেয়, এমন খবর প্রচার না করতে দেশের বেসরকারি টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের পরামর্শ দিয়েছে সরকার। টিভি চ্যানেলগুলোর প্রতিনিধিরাও এ বিষয়ে সরকারকে প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে চ্যানেলগুলো শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রায় দুই ঘণ্টা মতবিনিময় শেষে এ কথা জানানো হয়। তথ্য মন্ত্রণালয়ের আহ্বানে এই সভায় দেশের পরিস্থিতি ‘স্বাভাবিক’ দাবি করে এ বিষয়টি তুলে ধরতে চ্যানেলগুলোর সহযোগিতা চাওয়া হয়।
চলমান পরিস্থিতিতে এ ধরনের পরামর্শ বেসরকারি টিভি চ্যানেলগুলোর ওপর একধরনের চাপ কি না, তা নিয়ে গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে মতবিনিময় সভায় অংশ নেওয়া বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল প্রথম আলোকে বলেন, সাংবাদিক হিসেবে তিনি কোনো চাপ অনুভব করেননি। চাপ অনুভব করলে প্রতিবাদ করতেন। তাঁর কাছে মনে হয়েছে, এটি পর্যালোচনামূলক বৈঠক।
মতবিনিময় সভায় মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘রাজনীতির জায়গা যদি সহিংসতা দখল করে নেয়, তাহলে রাজনীতি বিপজ্জনক জায়গায় পড়বে। আমরা সুস্থ রাজনৈতিক ধারার পক্ষে এবং সহিংসতার বিরুদ্ধে। বার্ন ইউনিটে যে চিৎকার, আর্তনাদ—সেই আর্তনাদের পক্ষে আমরা। যারা এই আর্তনাদ সৃষ্টি করে, তাদের বিপক্ষে আমরা।’
সভা শেষে আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, দেশে আন্দোলনের নামে নাশকতা ও সন্ত্রাস চলছে। সন্ত্রাস ও নাশকতায় যদি সরকার পরিবর্তন হতো, তাহলে সারা বিশ্বে রাজনীতি থাকত না।
দেশের প্রকৃত অবস্থা স্বাভাবিক উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, এসব বিষয় তুলে ধরার পাশাপাশি প্রতিদিন ঢাকা থেকে মহাসড়কে যে ৫০ থেকে ৬০ হাজার গাড়ি যাওয়া-আসা করছে, সে বিষয়টিও টেলিভিশনে আসতে হবে। দু-একটি বাস পোড়ানো বা ট্রাক পোড়ানো এমনভাবে মানুষের সামনে দৃষ্টিগোচর হয়েছে, যাতে তারা মনে করে সারা দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। এ বিষয়গুলোর সঠিক তথ্যটা যাতে উপস্থাপিত হয়।
শিল্পমন্ত্রী বলেন, এখানে মতবিনিময় করা হয়েছে। কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আলোচনার ভিত্তিতে ঐকমত্য হয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, সত্যটা তুলে ধরা হবে। যেমন, ঢাকা শহরে যানজট, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, সে কথাও তুলে ধরা হবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, চলমান সন্ত্রাস-নাশকতা, জ্বালাও-পোড়াও মোকাবিলায় টিভি চ্যানেলগুলোর সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় আরও অংশ নেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যসচিব মরতুজা আহমেদ, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ৭১ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু প্রমুখ।
তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আগামী রোববার একই বিষয় নিয়ে পত্রিকার সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।