নাশকতা এড়ানোর যথেষ্ট চেষ্টা নেই রেলওয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধ চলাকালে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুরে রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলেন অবরোধকারীরা। ফলে গত রোববার এখানে দুর্ঘটনায় পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মহানগর গোধূলী এক্সপ্রেস।   ট্রেনের ইঞ্জিনসহ আটটি বগি ছিটকে পড়ে পাশের ফসলি জমিতে। সোমবার সকালে তোলা ছবি ষ এম সাদেক
১৮-দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধ চলাকালে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুরে রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলেন অবরোধকারীরা। ফলে গত রোববার এখানে দুর্ঘটনায় পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মহানগর গোধূলী এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিনসহ আটটি বগি ছিটকে পড়ে পাশের ফসলি জমিতে। সোমবার সকালে তোলা ছবি ষ এম সাদেক

রেলওয়েতে তিন ধরনের স্বীকৃত নিরাপত্তা টহলের ব্যবস্থা থাকলেও তা পুরোপুরি কার্যকর নেই। ফলে নাশকতার শিকার হয়ে দেশের রেল যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবনের ঝুঁকিতে পড়েছেন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, বিশেষ পরিস্থিতিতে ইমার্জেন্সি (জরুরি) শাটল, ইমার্জেন্সি ট্রলি ও ইমার্জেন্সি টহলব্যবস্থার মাধ্যমে ট্রেনকে নিরাপদ রাখার ব্যবস্থা নেওয়ার নিয়ম। এই তিনটি ব্যবস্থা কার্যকর থাকলে যাত্রী ও মালবাহী ট্রেনগুলোকে নাশকতার হাত থেকে রক্ষা করা অনেকটাই সম্ভব বলে মনে করেন রেলের কর্মকর্তারা।

গত ফেব্রুয়ারি মাসে মানবতা-বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকেই মূলত নাশকতার শুরু। ১৮-দলীয় জোটের দুই দফা অবরোধ কর্মসূচিতে তা ব্যাপকতা পেয়েছে। কিন্তু এই দীর্ঘ সময়ে রেল ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও নিরাপত্তাসংক্রান্ত জরুরি তিন ব্যবস্থা কার্যকর করেনি রেলের প্রকৌশল বিভাগ।

রেলওয়ে পূর্বাঞ্চলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘ফেব্রুয়ারি থেকে নাশকতা শুরুর পর এ বিষয়ে প্রকৌশল দপ্তরের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তাঁদের তৎপরতা কেবল দিনের বেলায় সীমাবদ্ধ। অথচ সব বড় দুর্ঘটনা ঘটছে রাতের বেলায়। দুর্বৃত্তরা রাতের দিকে ফিশপ্লেট খুলে, স্লিপার উপড়ে ফেলে। এটা বিবেচনায় নিয়ে প্রকৌশল দপ্তর তিনটি পদ্ধতির কোনোটি যদি কার্যকর রাখত, তাহলে রেলের সম্পদ এভাবে নষ্ট হতো না।’

রেলওয়ে সূত্র জনায়, অবরোধে নাশকতা বৃদ্ধির পর কর্তৃপক্ষ সারা দেশে রেলপথ ও রেল স্থাপনার মধ্যে ৬৩২টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এসব স্থানে চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়। কিন্তু তাতে কার্যকর ফল আসেনি। এ অবস্থায় কর্তৃপক্ষ ট্রেনের গতি কমিয়ে প্রাণহানি হ্রাস ও ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ নেয়। এতে সারা দেশে ট্রেনের সময়সূচি ভেঙে পড়ে। আয়ও নেমে আসে অর্ধেকে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিয়ম আছে স্পর্শকাতর সময় কোনো যাত্রীবাহী ট্রেন গন্তব্যে ছাড়তে হলে তার আগে একটি কোচ লাগানো ইঞ্জিন যাত্রা করবে। এটাই ইমার্জেন্সি শাটল। এটি রেললাইন ঠিক ও নিরাপদ আছে কি না, তা পর্যবেক্ষণ করতে করতে যাবে। আর পেছনে যাবে যাত্রীবাহী বা মালবাহী ট্রেন। ফলে রেললাইনে যেকোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে ইমার্জেন্সি শাটল নিকটবর্তী স্টেশনমাস্টারের কাছে আগাম বার্তা পাঠাবে। তখন যাত্রী বা মালবাহী ট্রেনটি পাশের কোনো স্টেশন বা উপযুক্ত স্থানে থামিয়ে রাখা হবে, রেললাইন ঠিক না হওয়া পর্যন্ত।

ঢাকা, চট্টগ্রাম, লাকসাম, আখাউড়া, সিলেট ও ময়মনসিংহসহ সব গুরুত্বপূর্ণ স্টেশনেই এই ইমার্জেন্সি শাটলের ব্যবস্থা রয়েছে। কিন্তু এসব যথাযথভাবে ব্যবহার করা হয় না বলে অভিযোগ আছে।

১৮-দলীয় জোটের দুই দফা অবরোধ কর্মসূচিতে প্রত্যন্ত অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ রেলস্টেশনের আশপাশেও বড় ধরনের নাশকতার ঘটনা ঘটানো হয়েছে। রেললাইন উপড়ে ফেলা, ফিশপ্লেট খুলে ফেলা, লাইনে আগুন দেওয়া, স্লিপার তুলে ফেলা, ট্রেন লক্ষ্য করে ককটেল-বোমা মারা ইত্যাদি নাশকতা গত ফেব্রুয়ারি থেকে চলছে। গতকাল পর্যন্ত নাশকতার ১৬৯টি ঘটনা ঘটেছে।

ইমার্জেন্সি শাটলের মতো ইমার্জেন্সি ট্রলিও রেললাইন নিরাপদ আছে কি না, তা যাত্রী বা মালবাহী ট্রেনের আগে যাত্রা করে কাছের স্টেশনে আগাম বার্তা পাঠাবে।

তৃতীয় ব্যবস্থা হলো জরুরি টহল। প্রতি পাঁচ মাইল রেললাইনে একজন ম্যাটের নেতৃত্বে ১২ জনের একটি দল থাকে। তাঁরা পথ ভাগ করে সার্বক্ষণিকভাবে হেঁটে রেললাইন পর্যবেক্ষণ করবেন। যদি কোনো নাশকতার চিহ্ন দেখেন, তার তথ্য সংশ্লিষ্ট স্টেশনে জানাবেন এবং রেললাইন মেরামত করবেন। দিনের বেলায় এ কাজটি হয় বলে জানা গেছে।

স্পর্শকাতর সময়ে তিনটি পদ্ধতিতে রেললাইন পর্যবেক্ষণ করার নিয়ম রয়েছে। কিন্তু এসব ব্যবস্থার মাধ্যমে রেলকে দুর্ঘটনা থেকে রক্ষা করার কোনো তথ্য প্রকৌশল দপ্তরের কাছ থেকে পাওয়া যায়নি। যদিও সাম্প্রতিক সময়েই সাধারণ মানুষ নাশকতার ঘটনা দেখে নিজেরাই লাল কাপড় উড়িয়ে একাধিক যাত্রীবাহী ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন। রেল কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন এ ধরনের মানুষকে পুরস্কৃতও করেছে। কিন্তু রেল তার নিজস্ব তিনটি নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে পালন করছে না।

ইমার্জেন্সি শাটল, ইমার্জেন্সি ট্রলি ও ইমার্জেন্সি টহলব্যবস্থা কার্যকর করার দায়িত্ব রেলের প্রকৌশল দপ্তরের।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘রেললাইনের একটি ফিশপ্লেট খুলতে ১০ মিনিট লাগে। যাত্রীবাহী ট্রেনের আগে আমরা ইমার্জেন্সি শাটল বা ইমার্জেন্সি ট্রলি চালিয়ে নিতে পারি। কিন্তু যাত্রীবাহী ট্রেন ওই পথ অতিক্রম করার পরও ফিশপ্লেট খুলে ফেলতে পারে নাশকতাকারীরা। তখন কী হবে?’

রেললাইন উৎপাটনের কারণে মাস কয়েক আগে কুমিল্লায় চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে। তখন একটি তদন্ত কমিটি হয়েছিল। ওই কমিটির প্রতিবেদনে নিরাপত্তামূলক এই ব্যবস্থা তিনটির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার সুপারিশ করা হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুবুল আলম বলেন, ‘ইমার্জেন্সি টহলের জন্য ম্যাটের নেতৃত্বে ওয়েম্যানদের আমরা টর্চ ও ব্যাটারি এখনো সরবরাহ করিনি। উচ্চপর্যায়ে নির্দেশনা পেলে সেটা আমরা কার্যকর করব। তবে ইমার্জেন্সি টহল দেওয়ার জন্য আমাদের জনবল প্রয়োজনের তুলনায় অর্ধেকের মতো আছে।’

বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘কেউ আগে এভাবে দেশের সম্পদ ধ্বংস করেনি। কিন্তু চলামান রাজনৈতিক আন্দোলনে রেলকে লক্ষ্যস্থলে পরিণত করেছে নাশকতাকারীরা। তার পরও এই তিনটি পদ্ধতি কার্যকর থাকলে নাশকতা এড়িয়ে রেলের সম্পদ অনেকাংশে নিরাপদ রাখা সম্ভব।’

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ মকবুল আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘ইমার্জেন্সি শাটল চট্টগ্রামের পাহাড়তলী থেকে ফেনী পর্যন্ত মাঝেমধ্যে হচ্ছে। ফেনীর পর এই ব্যবস্থা কার্যকর আছে কি না আমার জানা নেই।’ রাতে ইমার্জেন্সি ট্রলি করা বিপজ্জনক বলে জানান তিনি।

মকবুল আহাম্মদ বলেন, ‘রেলে নাশকতা ঠেকাতে পূর্বাঞ্চলের ১৭৭টি স্পর্শকাতর জায়গায় সোমবার থেকে চারজন করে আনসার নিয়োগ করা হয়েছে। এতে ভালো ফল পাব বলে আশা করছি।’