নাশকতা এড়াতে পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে হরতালের নামে যে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতার ঘটনা ঘটে চলেছে, এর দায় বড় নেতারা এড়িয়ে যেতে পারেন না। নাশকতা এড়াতে তাই তার পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করা হচ্ছে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩০তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আলোচনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ইনু এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে বিরোধী দলের সঙ্গে সংলাপের দরজা যত বেশি খোলা হচ্ছে, ততই তারা (বিরোধী দল) সহিংসতার পথ বেছে নিচ্ছে। তিনি দাবি করেন, বিরোধী দলের সঙ্গে দ্রুত সংলাপের জন্য সরকারের পক্ষ থেকে যখন উদ্যোগ নেওয়া হলো, এমন সময় তারা হরতাল দিল।
সম্প্রতি হরতালে সারা দেশে যে নাশকতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে, এর দায়ভার বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে হবে বলে মন্তব্য করেন ইনু। সর্বদলীয় সরকার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রীরা তাঁদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে শুরু করেছেন। রাষ্ট্রপতি তা গ্রহণ না করা পর্যন্ত মন্ত্রীরা তাঁদের নির্বাহী কাজ চালিয়ে যেতে পারবেন বলেও জানান তথ্যমন্ত্রী।
একই অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বিরোধী দলের শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, ‘ঢালাওভাবে গ্রেপ্তার করা মানবাধিকারের নীতি ও মানবিকতা সমর্থন করে না।’ তিনি দেশের চলমান রাজনৈতিক অবস্থা দূর করতে সরকার ও বিরোধী দলের সহনশীলতার প্রতি জোর দেন। এ সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘দেশের রাজনীতিকেরা এখন মানুষকে পুড়িয়ে, হত্যা করে, হামলা চালিয়ে শুধুই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন।’