নাশকতা ও জঙ্গিবাদকে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদকে ‘না’ বলেছে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজের কোনো শিক্ষার্থীকে বিপথগামী হতে দেবে না বলেও অঙ্গীকার করেছে তারা।

গতকাল মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে শিক্ষার্থীরা এ অঙ্গীকার ব্যক্ত করে।

কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমারনাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক খাজা আহমেদ মিয়াজী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. ছলিমুর রহমান, জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, কলেজশিক্ষার্থী অহিদুর রহমান, ববিতা বড়ুয়া, শিল্পী দাশ, আবু হানিফা।

মাওলানা সিরাজুল ইসলাম বলেন, ইসলামের নামে যারা দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে, তাদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিতে হবে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সরকারকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

সাংবাদিক আবু তাহের বলেন, শিক্ষার্থীরা ঠিকমতো স্কুল-কলেজে যাচ্ছে কি না, তার খবর মা-বাবাদের রাখতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, শিক্ষার্থীরা হচ্ছে আলোকিত বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার। একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কালো থাবা ছড়াচ্ছে। ভবিষ্যৎ কর্ণধারদের এই থাবা নির্মূল করতে হবে।

পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, অসাম্প্রদায়িক সমাজ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অনেক। কোনো বন্ধু বা সহপাঠী হঠাৎ উধাও হলে, ঘরের আশপাশে অপরিচিত কারও বসবাস কিংবা আনাগোনা দেখলে সন্দেহের চোখে দেখতে হবে। প্রয়োজনে অচেনা ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নিয়ে পুলিশকে জানাতে হবে।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘আমরা সমাজটাকে সুন্দর ও ভালো রাখার চেষ্টা করছি। কিন্তু একটি চক্র মেধাবী শিক্ষার্থীদের বিভ্রান্ত করে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদে জড়িত করছে। শিক্ষার্থীদের সচেতন করতে এই সমাবেশ।’ জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখন থেকে সব সময় তিনটি শব্দকে ‘না’ বলতে হবে। এগুলো হলো সন্ত্রাস, নাশকতা আর জঙ্গিবাদ। কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘যেকোনো মূল্যে এই কলেজ ক্যাম্পাস সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদমুক্ত রাখতে হবে। এটা আমাদের অঙ্গীকার।’