সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার যেকোনো শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে স্বাগত জানায়। কিন্তু আন্দোলনের নামে রেললাইন উপড়ে ফেলা, যানবাহনে আগুন দেওয়া, বোমা মেরে মানুষ হত্যাসহ যেকোনো নাশকতা করলে তা কঠোর হাতে দমন করবে।
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল ও উদ্ভাবনী মেলা ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন আসবে। খালেদা জিয়া এটা বলতে পারবেন না যে তাঁর ওপর সরকারি দলের কেউ কোনো হামলা বা বেয়াদবি করেছে। বরং খালেদার আদালতে হাজিরার দিনে আমাদের দলীয় এমপি ছবি বিশ্বাসের ওপর হামলা করে তাঁকে আহত ও তাঁর গাড়ি পোড়ানো হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে ডিজিটাল ও উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। মেলায় জেলার সরকারি-বেসরকারি ৩৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এদিকে পঞ্চগড়ে গতকাল সকালে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের শিংপাড়া এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্টেশন উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কগুলো নষ্ট হওয়ার জন্য অতিরিক্ত মাল বোঝাই যানবাহন ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোই দায়ী। এ জন্য দেশের সব মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ স্টেশন বসানো হচ্ছে। দেশের ৩৭টি দুর্ঘটনাপ্রবণ সড়কের উন্নয়নকাজ শেষ হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ।